রুনা খান পেলেন এশিয়ার নোবেল, বাংলাদেশের বিজয়ী এখন ১৪ জন

ডেস্ক, রাজনীতি ডটকম
র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী ১৪ বাংলাদেশি। ছবি: র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ডের ওয়েবসাইট থেকে

এশিয়ার নোবেলখ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারের তালিকায় যুক্ত হলো আরও একটি বাংলাদেশি নাম। ২০২৬ সালের এই সম্মাননা পেয়েছেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।

সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করে।

রুনা খানের সঙ্গে এবার এই পুরস্কার পেয়েছেন সিঙ্গাপুরের কূটনীতিক টমি কোহ ও মিয়ানমারের মানবাধিকারকর্মী বো চি। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

২০০২ সালে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রুনা খানের এই পথচলা শুরু। যমুনা নদীর চরাঞ্চলে বসবাসকারী প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে একটি ভাসমান হাসপাতাল দিয়ে শুরু হয়েছিল সেই যাত্রা।

সময়ের সঙ্গে বিস্তৃত হয়েছে ফ্রেন্ডশিপের কাজের পরিধিও। স্বাস্থ্যসেবা থেকে শিক্ষা, দুর্যোগ মোকাবিলা থেকে জীবিকা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা থেকে সামাজিক অন্তর্ভুক্তি—দুর্গম ও ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

নদীভাঙন ও জলবায়ু ঝুঁকিতে থাকা দুর্গম এলাকার মানুষের জন্য মর্যাদাপূর্ণ জীবন গড়ে তোলার এই দীর্ঘ প্রচেষ্টার স্বীকৃতিতেই রুনা খানকে ২০২৬ সালের র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তিনি হয়ে গেলেন বাংলাদেশের ১৪তম র‍্যামন ম্যাগসাইসাই বিজয়ী।

তবে এই তালিকায় রুনা খান একেবারেই নতুন নন। তার আগে আরও ১৩ বাংলাদেশি পেয়েছেন এশিয়ার নোবেলখ্যাত এই পুরস্কার।

বাংলাদেশের প্রথম র‍্যামন ম্যাগসাইসাই বিজয়ী তহরুন্নেসা আবদুল্লাহ। ১৯৭৮ সালে গ্রামীণ মুসলিম নারীদের পর্দার বাইরে এনে সমান নাগরিকত্ব ও পরিবারে সক্রিয় ভূমিকা পালনে উদ্বুদ্ধ করার জন্য তিনি এই পুরস্কার পান।

এর দুই বছর পর, ১৯৮০ সালে সম্প্রদায় নেতৃত্ব বিভাগে পুরস্কার পান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ উন্নয়নে তার কাজ তাকে এনে দেয় এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি।

১৯৮৪ সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ক্ষুদ্রঋণের মডেল বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার অবদানের জন্য র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারে সম্মানিত হন।

পরের বছর, ১৯৮৫ সালে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অবদানের জন্য পুরস্কার পান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

১৯৮৭ সালে আমেরিকান যাজক রিচার্ড উইলিয়াম বাংলাদেশে টিম শিক্ষা, বিজ্ঞান গবেষণা ও মানবাধিকারকাজে অবদানের জন্য এই পুরস্কার পান।

১৯৮৮ সালে সমবায় সমিতি গড়ে গ্রামীণ স্বনির্ভরতা প্রতিষ্ঠায় অবদানের জন্য সম্মানিত হন মোহাম্মদ ইয়াসিন দিদার।

১৯৯৯ সালে অ্যাঞ্জেলা গোমেজ বাঁচতে শেখা সংস্থার মাধ্যমে নারী ও প্রান্তিক মানুষের ক্ষমতায়নে অবদানের জন্য র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পান।

২০০৪ সালে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করে যুবসমাজের মধ্যে পাঠাভ্যাস ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য পুরস্কৃত হন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

২০০৫ সালে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান অ্যাসিড সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির অবদানের জন্য এই সম্মাননা পান।

২০১০ সালে এ এইচ এম নোমান খান প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার উন্নয়নে অন্তর্ভুক্ত করার কাজের স্বীকৃতি হিসেবে র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারে সম্মানিত হন।

২০১২ সালে পরিবেশ সংরক্ষণ ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় সাহসী নেতৃত্বের জন্য পুরস্কার পান সৈয়দা রিজওয়ানা হাসান।

সবশেষে ২০২১ সালে বিজ্ঞানী ফেরদৌসী কাদরী টিকা উদ্ভাবন ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অবদানের জন্য এই সম্মাননা অর্জন করেন।

চলতি বছর পুরস্কার পাওয়া রুনা খানের আগে সর্বশেষ ২০২৩ সালে এমার্জেন্ট লিডারশিপ ক্যাটাগরিতে র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পান জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ। তিনি বাংলাদেশের ১৩তম বিজয়ী। ২০০৭ সালে বন্ধুদের নিয়ে জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে ইংরেজি মাধ্যমের মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করেন তিনি। এক কক্ষ ও ১৭ শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া সেই উদ্যোগ এখন হাজার হাজার শিশুকে শিক্ষা দিচ্ছে। তরুণদের সামাজিক পরিবর্তনে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়।

১৯৫৮ সাল থেকে দেওয়া হচ্ছে র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার। ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে প্রবর্তিত এই পুরস্কার এশিয়ার অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে পরিচিত।

সামাজিক পরিবর্তন, মানবিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, অধিকার, পরিবেশ ও নেতৃত্ব—বিভিন্ন ক্ষেত্রে কাজের স্বীকৃতি হিসেবে গত কয়েক দশকে বাংলাদেশের ১৪ জনের হাতে উঠেছে এই পুরস্কার। রুনা খানের স্বীকৃতি সেই দীর্ঘ তালিকায় যোগ করল আরেকটি অধ্যায়; আর মনে করিয়ে দিল, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর কাজও একদিন এশিয়ার সর্বোচ্চ মঞ্চে পৌঁছাতে পারে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ— দাবি সার্জিও গোরের

সার্জিও গোর লিখেছেন, এ সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও একটি অবিশ্বাস্য চুক্তি করেছেন। বাংলাদেশ আরও বোয়িং বিমান কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।

৬ ঘণ্টা আগে

নতুন ডিজি পেল দুদক

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলি করে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

৬ ঘণ্টা আগে

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় আজ

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট)। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

৬ ঘণ্টা আগে

সারের ঘাটতি নেই— সংসদে কৃষিমন্ত্রী

চলতি অর্থবছরের সারের চাহিদার কথা তুলে ধরে মন্ত্রী আমিন উর রশিদ বলেন, ইউরিয়া সারের চাহিদা ২৬ লাখ ২০ হাজার মেট্রিক টন। টিএসপি সারের চাহিদা সাত লাখ ৫০ হাজার মেট্রিক টন। ডিএপির চাহিদা ১৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। এমওপি নয় লাখ ৫০ হাজার মেট্রিক টন।

১৭ ঘণ্টা আগে
Advertisement