এলো বহুল আকাঙ্ক্ষিত ভোট

বিশেষ প্রতিনিধি, রাজনীতি ডটকম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩: ২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট সামনে রেখে সারা দেশে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনি সরঞ্জাম। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: রাজনীতি ডটকম

জুলাই অভ্যুত্থানের দেড় বছরের মাথায় এলো জাতীয় সংসদ নির্বাচন। তফসিল, মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র জমা, প্রার্থী বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতীক বরাদ্দের পর তিন সপ্তাহ সময় নিয়ে ভোটের প্রচারও শেষ। শেষ বিভিন্ন রাজনৈতিক দল আর প্রতিপক্ষ প্রার্থীদের মধ্যেকার বাগ্‌যুদ্ধ। এখন কেবল ভোটের অপেক্ষা, যার অবসানও প্রায় হয়ে এসেছে।

কেবল জাতীয় সংসদ নির্বাচনই নয়, জুলাই অভ্যুত্থানের পথ ধরে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘ আলোচনার ফসল জুলাই সনদ বাস্তবায়নের গণভোটও হচ্ছে একই সঙ্গে। গণভোটে ‘হ্যাঁ’ জনগণের রায় পেলে জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী সংবিধান সংশোধনের পথ সুগম হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি আসনে শুরু হচ্ছে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ৫১টি রাজনৈতিক দল ও দুই হাজারের বেশি প্রার্থীর অংশগ্রহণে এবারের নির্বাচন ঘিরে দেশ জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনা।

সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটিই ছিল প্রশ্নবিদ্ধ। এর মধ্যে ২০১৪ সালে অনুষ্ঠিত দশক জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বেশির ভাগ রাজনৈতিক দল। এতে এ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে ছিলেন একক প্রার্থী, ভোট ছাড়াই তারা সংসদ সদস্য হয়ে যান।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভিযোগ ছিল, ভোটের আগের রাতেই আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কেন্দ্র দখল থেকে শুরু করে ব্যালটে সিল মারার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে রাখা হয়েছিল। সবশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বর্জন করে বেশির ভাগ রাজনৈতিক দল। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের দলেরই মনোনয়ন না পাওয়া ‘বিদ্রোহী’ প্রার্থীরা। এ কারণে এ নির্বাচনকে ‘আমি ও ডামির নির্বাচন’ বলে থাকেন অনেকেই।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, সব মিলিয়ে টানা তিনটি জাতীয় নির্বাচনে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার সুযোগ এসেছে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এ নির্বাচনকে তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন তারা।

বুধবার নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে রাঙ্গামাটিতে। ছবি: রাজনীতি ডটকম
বুধবার নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে রাঙ্গামাটিতে। ছবি: রাজনীতি ডটকম

দেশে সংসদীয় আসন ৩০০ হলেও বৃহস্পতিবার ২৯৯টি আসনে ভোট হবে। ভোটের প্রচার চলাকালে গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) মারা গেলে এ আসনের ভোট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারের ভোটের পর এ আসনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে।

এরই মধ্যে সংসদ নির্বাচন ও গণভোটের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে মোট প্রার্থী দুই হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। ৪২ হাজার ৬৫৯ কেন্দ্রে সশরীরে ভোটগ্রহণ হবে। আর ২৯৯টি কেন্দ্রে গণনা করা হবে পোস্টাল ভোট। সব মিলিয়ে ৪২ হাজার ৯৫৮ কেন্দ্রে ভোট হবে।

এবারের নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার ২৩২ জন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ধানের শীষে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী। হাতপাখা প্রতীক নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮ জন প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোটে লড়াই করছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন ১৯৮ জন প্রার্থী। আর জুলাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকে নির্বাচন করছে ৩২ জন প্রার্থী নিয়ে।

দুই সহস্রাধিক প্রার্থী আর ৫১টি রাজনৈতিক দল ভোটের মাঠে থাকলেও তৃণমূলের তথ্য বলছে, মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন দুই নির্বাচনি জোটের মধ্যে। দুই জোটের নেতৃত্বে থাকা দুই দলই ভোটের মাঠে নিজেদের প্রার্থীদের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।

নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: রাজনীতি ডটকম
নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: রাজনীতি ডটকম

বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচন ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে সারা দেশে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, নির্বাচন ও গণভোট সামনে রেখে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তাব্যবস্থা ব্যাখ্যা করে আইজিপি জানান, প্রথম স্তরে দেশের ৪২ হাজার ৭৭৯ ভোটকেন্দ্রের প্রতিটিতে পুলিশ মোতায়েন থাকবে। দ্বিতীয় স্তরে কেন্দ্রের বাইরে ভ্রাম্যমাণ ভিত্তিতে টহল ও তদারকির জন্য পুলিশের মোবাইল টিম থাকবে। তৃতীয় স্তরে পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিভিন্ন স্থানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ মোতায়েন করা হবে।

নির্বাচনের নিরাপত্তায় মোট এক লাখ ৫৭ হাজার ৮০৫ পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে ৯ হাজার ৩৯১ জন ভোটকেন্দ্রে স্ট্যাটিক ফোর্সের দায়িত্ব পালন করবেন। বাকিরা মোবাইল ও স্ট্রাইকিং ইউনিটে কাজ করবেন। এ ছাড়া নির্বাচন সংক্রান্ত সহায়তার জন্য আরও ২৯ হাজার ৭৯৮ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও জানান আইজিপি। তিনি আরও জানান, নির্বাচনের নিরাপত্তা কার্যক্রমে সশস্ত্র বাহিনী, বিজিবি ও আনসারসহ অন্যান্য বাহিনীও যুক্ত রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনি পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক। পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।

সরকারি কর্মচারী এবং ভোটগ্রহণের দায়িত্বে থাকা ও কারাগারে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। প্রবাসীসহ এরই মধ্যে ১১ লাখের বেশি ভোটার এ পদ্ধতিতে ভোট দিয়েছেন। ইসি জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার মধ্যে এসব পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানো হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার ‘দৃঢ়প্রতিজ্ঞ’, সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

সবার সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘গণতন্ত্রের এ ঐতিহাসিক অভিযাত্রায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যেতে সহায়তা করবে।’

১০ ঘণ্টা আগে

গুলশান মডেল স্কুলে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠেয় গণভোটে ভোট দেবেন রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

১১ ঘণ্টা আগে

ভোটের পরিবেশ খুব ভালো: ইসি মাছউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ খুব ভালো। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

১২ ঘণ্টা আগে

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি সচিব

ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, অর্থের উৎস ও ব্যবহারের বৈধতা দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।

১২ ঘণ্টা আগে