মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে অর্থনীতিতে চাপ আরও বাড়বে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো
গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে জুড়ে চলমান যুদ্ধে দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ চলতে থাকলে চাপ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘বর্তমান সময় কঠিন সময়, সেটি আমাদের স্বীকার করতে হবে। অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আমরা আমরা দায়িত্ব নিয়েছি, এর মধ্যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুরু হলো। এতে অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরও বাড়তে থাকবে।’

আজ রোববার (২২ মার্চ) সকালে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ-পরবর্তী মতবিনিময়ের সময় এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সরকার জ্বালানি নিরাপত্তার বিষয়ে খুবই সজাগ এবং জ্বালানি কেনা অব্যাহত আছে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, জ্বালানির অভাবে যাতে মিল-কারখানা, বিদ্যুৎ খাত বাধাগ্রস্ত না হয়, সে জন্য ভালো ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে। এখনো মোটামুটি স্থিতিশীল আছে। এই ধারা অব্যাহত রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে যুদ্ধ যদি বেশি দিন অব্যাহত থাকলে চাপ বাড়তে থাকবে।

এই চাপ বাড়তে থাকলে তা শেষ পর্যন্ত জনগণের ওপর আসবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যেভাবে বিশ্বব্যাপী আসছে, সেটা বাংলাদেশেও আসবে। আমরা এখনো যেমন তেলের মূল্যবৃদ্ধি করিনি, দ্রব্যমূল্য বৃদ্ধি করিনি, বাসভাড়া বৃদ্ধি করিনি। মোটামুটি ব্যবস্থাপনার মাধ্যমে ধরে রাখার জন্য চেষ্টা করছি। এখন জনগণের সহযোগিতা ও সমর্থন লাগবে। সংযমের মাধ্যমেই মোকাবিলা করতে হবে।’

অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশে চাপ অনেক বেশি। তিনি বলেন, ‘যুদ্ধ তো আমাদের হাতে নেই, যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়। তবে বাংলাদেশসহ সব দেশে কম বেশি এর প্রভাব পড়ছে। তবে বাংলাদেশে বেশি। কারণ, আমাদের জ্বালানির মূল সোর্সটা (উৎস) হচ্ছে ওখানে (মধ্যপ্রাচ্য)।’

সরকার বিশ্বের বিভিন্ন দেশের বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশে তেলের দাম বাড়ানো হয়নি। বিশ্বের অনেক দেশ দাম বাড়িয়ে দিয়েছে। তেলের সরবরাহ স্বাভাবিক ছিল। এই ঈদের সময় তেলের কারণে কেউ আটকে ছিল না। সবাই যার যার গন্তব্যস্থলে সঠিক সময়ে গেছেন। ভাড়াও বৃদ্ধি করতে পারেনি।

বিএনপি সরকার ক্ষমতায় এসে যে অর্থনীতি পেয়েছে তাতে সবকিছুর মানদণ্ড নিম্নগতির বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। বলেন, ‘দারিদ্র্য বাড়ছে, চাকরি কমছে, বিনিয়োগ কমছে। সার্বিকভাবে যে অর্থনীতি আমরা হাতে পেয়েছি, এটা নিম্নগতির অর্থনীতি। খুবই নিম্নপর্যায়ে এটা স্যাটেল করেছে।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের মধ্যেও আমাদের অনেকটা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা করছি পুরো বিষয়টাকে একটা সহনীয় পর্যায়ে রাখা যায় কি না। প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা সবাই দিনরাত কাজ করে যাচ্ছেন। এখানে হলিডে বলে কিছু নেই। কিছু উদাহরণ সেট করা হচ্ছে। প্রধানমন্ত্রীর চলাফেরায় যে সিম্পলিসিটি। সাধারণ মানুষের কাছে কিছু বার্তা দেওয়া হচ্ছে, অপচয়-দুর্নীতি বন্ধ করতে হবে। দেশের অর্থনীতিকে চলমান রাখতে হলে বিগত দিনে যে দুর্নীতি হয়েছে, সেটা করতে দেওয়া যাবে না। অপচয় করতে দেওয়া যাবে না।’

এবার ঈদের আগে পোশাক কারখানার কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে বলে জানান তিনি। বলেন, অন্যান্যবার পোশাক শ্রমিকদের বেতন-ভাতার জন্য সড়ক অবরোধ করা হয়েছে। কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু এবার আগেই বেতনের ব্যবস্থা করা হয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য। আজ গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

১ দিন আগে

মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, যে স্বপ্ন ধারণ করে এই দেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। আমরা আশা করব নবনির্বাচিত জাতীয় সংসদ এবং জনগণ সবাই মিলে আমরা মুক্তিযুদ্ধের সেই চেতনা বাস্তবায়িত করতে সক্ষম হবো।

১ দিন আগে

ঈদে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অনন্য নজির স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

১ দিন আগে

গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ায় ভয় দূর হয়েছে: আমীর খসরু

গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ায় দেশের মানুষের মধ্যে ভয়ের পরিবেশ অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

১ দিন আগে