বিকেলে বিদ্যুতের নতুন দাম ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জুন ২০২৬, ১২: ৩৪
বিএনপি সরকার ক্ষমতায় এসে দুই বছর পর্যন্ত বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে। ছবি: সংগৃহীত

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বুধবার বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এর আগে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিলে বিইআরসির কারিগরি কমিটি গড়ে প্রতি ইউনিটে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করে।

গতকাল মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানায় বিইআরসি। এতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) বিদ্যুতের সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাব দাখিল করেছে।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির আবেদন করেছে। তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধির এসব প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। আজ বুধবার বিকেল ৩টায় প্রস্তাবের বিষয়ে কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দুই বছর পর্যন্ত বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিল। এর বদলে সিস্টেম লস বা চুরি কমিয়ে বিদ্যুতের লোকসান কমানোর কথা বলেছিলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে সরকারকে।

বিদ্যুৎ বিভাগের একটি সূত্র বলছে, গত অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির পরিমাণ ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। এবার বিদ্যুৎ বিভাগ আরও ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত ভর্তুকি দাবি করেছে। এত বিপুল পরিমাণ ভর্তুকির বোঝা কমাতেই বিদ্যুতের দাম না কমানোর ঘোষণা দিয়েও সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে সরকারকে।

এর আগে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাস দুয়েক পর গত ১৩ এপ্রিল অর্থমন্ত্রীকে প্রধান করে বিদ্যুতের দাম নির্ধারণ বিষয়ে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশে গত ৪ মে পিডিবি বিদ্যুতের বাল্ক মূল্য হার প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব করেছিল।

এর পরপরই পিডিবি বিইআরসির কাছে পাইকারি ও খুচরা উভয় পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন করে। পরে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন করে নেসকো। এ ছাড়া পিজিবিপিএলসি, বাপবিবো, ডিপিডিসি, ডেসকো ও ওজোপাডিকো বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাব দাখিল করে।

বিইআরসি দেশে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থা। আওয়ামী লীগ সরকার ২০২৪ সালে এই সংস্থার বদলে সরকারের নির্বাহী আদেশে বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ানোর আইন চালু করেছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ‘বিইআরসি আইন ২০০৩’ পুনর্বহাল করে ফের এ ক্ষমতা বিইআরসিকে ফিরিয়ে দেয়।

ভর্তুকি বাড়ছে বিদ্যুতে

বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে মূলত কাজ করছে বড় অঙ্কের ভর্তুকি। পিডিবি কর্মকর্তারা জানান, আদানির কাছ থেকে প্রতি ইউনিট ১৪ দশমিক ৮৬ টাকা, আরপিজিসিএল থেকে ২৬ দশমিক ৯২ টাকা, আরএনপিএল থেকে ১৫ দশমিক ৭ টাকা, আশুগঞ্জ থেকে ৬ দশমিক ২৬ টাকা, ইজিসিবি থেকে ৬ দশমিক ৩৭ টাকা এনডাব্লুউপিসিসিএল থেকে ১১ দশমিক ২২ টাকা ও পায়রা থেকে ১৪ দশমিক ২৭ টাকা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হচ্ছে। এর বাইরে পিডিবির নিজস্ব বিদ্যুতের দাম পড়ছে প্রতি ইউনিট ৮ দশমিক ৯৬ টাকা।

পিডিবির হিসাব বলছে, সব মিলিয়ে বিদ্যুৎ কিনে সরবরাহ করতে প্রতি ইউনিটে পিডিবির খরচ পড়ে গড়ে ১২ দশমিক ৯৭ টাকা। কিন্তু পিডিবি প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করে ৭ টাকায়। এতে প্রতি ইউনিটে তাদের লোকসান প্রায় ৬ টাকা। স্বাভাবিকভাবেই এ টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে।

পিডিবি জানায়, গত বছর তাদের লোকসান ছিল ৫৫ হাজার কোটি টাকা। এর বিপরীতে অন্তর্বর্তী সরকার ভর্তুকি দিয়েছিল ৩৮ হাজার ৬৩৭ কোটি টাকা। বাকি ১৭ হাজার ২১ কোটি টাকা এক বছরের লোকসান জমা পড়ে পিডিবির ঘাড়ে। সব মিলিয়ে পিডিবির বর্তমান লোকসান জমে আছে ৪৪ হাজার কোটি টাকা।

পিডিবি আরও জানায়, ২০২১-২০২২ সালে বিদ্যুৎ খাতে ভর্তুকি চাওয়া হয়েছিল ৩১ হাজার ১৪৮ দশমিক ৩৪ কোটি টাকা, দেওয়া হয় ২৯ হাজার ৬০৯ দশমিক ১৪ কোটি টাকা। পরের অর্থবছরে ভর্তুকির চাহিদা ছিল ৪৩ হাজার ৫৯১ কোটি টাকা, দেওয়া হয় ৩৮ হাজার ৫৫০ কোটি টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে ভর্তুকির চাহিদা ছিল ৪০ হাজার ২৭৩ কোটি টাকা, দেওয়া হয় ৩৩ হাজার কোটি টাকা।

এরপর ২০২৪-২০২৫ সালে ভতুর্কির চাহিদা ছিল ৪৩ হাজার ১৭০ কোটি টাকা, দেওয়া হয় ৩৮ হাজার ৬৩৬ কোটি টাকা। চলতি বছরে ভর্তুকির চাহিদা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩৬ হাজার ৪৬১ কোটি টাকা। এখন পর্যন্ত অর্থমন্ত্রণালয় ভর্তুকি দিয়েছে ২০ হাজার ২৯৮ কোটি টাকা।

পিডবি বলছে, চলতি বছর লোকসান আরও বাড়বে। কারণ রূপপুর পরমাণু বিদ্যুৎ, রূপসা ৮০০ মেগাওয়াট, ইউনাইটেড ৪৯০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। তাদের ক্যাপাসিটি চার্জসহ অন্যান্য খরচ দিতে হবে।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা সংশোধন, নতুন প্রজ্ঞাপন জারি

নানান বিতর্ক ও সমালোচনার মুখে এই সংশোধন এনেছে মন্ত্রণালয়। মঙ্গলবার (২ জুন) প্রকাশিত নতুন প্রজ্ঞাপনে আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগে পরিবর্তন আনা হয়েছে।

২ ঘণ্টা আগে

দেশের ৪ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের সংক্ষিপ্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২ ঘণ্টা আগে

বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

প্রতিবেশীরা জানান, বাসা থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। পরে মুগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় শুভর মরদেহ পায়।

২ ঘণ্টা আগে

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে সোহেল-স্বপ্না

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হবে।

২ ঘণ্টা আগে