ট্রাম্পের অনুরোধে ১৪ বোয়িং কিনছে বাংলাদেশ: বিমানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ১৪ টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বোয়িংয়ের উড়োজাহাজ ব্যবহারের অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী ১৪টি বোয়িং কেনা হচ্ছে। পাশাপাশি আরও উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসনের সমন্বয় সভায় এসব কথা বলেন মন্ত্রী। জামালপুর-১ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাতকে গত ২৭ আগস্ট ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণায় সরকারের কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়।

বোয়িংয়ের পাশাপাশি ইউরোপের কোম্পানি এয়ারবাস থেকেও উড়োজাহাজ কেনার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘আমরা এদিকে ফ্রান্স, ইংল্যান্ড এবং জার্মানি থেকে যে এয়ারবাস তৈরি হয়, সেখান থেকেও কিনছি, ওদের কাছ থেকেও কিনব। আমরা সবকিছুই বাড়াব, ভালো করব।’

এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশের কাছে বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রির বিষয়টি তুলে ধরেন।

তিনি লিখেছেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে, যা তাদের প্রাথমিক ক্রয়াদেশের চেয়েও বেশি।

১৪ বোয়িংয়ের চুক্তি

বিভিন্ন আলোচনা ও দর-কষাকষির পর গত ৩০ এপ্রিল মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কিনতে চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

চুক্তি অনুযায়ী এসব উড়োজাহাজ কিনতে ব্যয় হবে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বা প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা। ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ বিমানকে সরবরাহ করবে বোয়িং।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের শুল্কচাপের মধ্যে বিমানের ক্রয়াদেশ বোয়িংয়ের দিকে যায়। ইউরোপীয় পক্ষের চাপের মধ্যে এয়ারবাস থেকেও উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে বর্তমান সরকার।

কর্মকর্তাদের জনবান্ধব কাজের আহ্বান

দেশ উন্নয়নে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা দেশটাকে উন্নত করব; যার যার যে দায়িত্ব রয়েছে—আমার যে দায়িত্ব রয়েছে, আমি পালন করব। এখানে কিন্তু সকলেই, যার যার দায়িত্ব আছে—শুধু দায়িত্ববান হলেই হলো, আর কিছু লাগে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ কর্মঘণ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১৮ ঘণ্টা কাজ করছেন এখন।’

আগের সরকারের সময়ে সরকারি কর্মকর্তাদের অনেককে ইচ্ছার বিরুদ্ধে জনবিরোধী কাজে বাধ্য হতে হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, এখন সরকার জনবান্ধব কাজ করতে চায়।

তিনি বলেন, ‘জনবান্ধব কাজ করতে হলে আপনাদের সকলকে একটু সেক্রিফাইস করতে হবে।’

সরকারি কর্মকর্তাদের কাজের প্রতি দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন না করলে নিজেদের কাছেই লজ্জাবোধ করার মতো মানসিকতা তৈরি করতে হবে। এতে স্বেচ্ছায় দায়িত্ব পালনের প্রবণতা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি কাজ করবেন।

তিনি বলেন, ‘কতটুকু পারব আমি জানি না, বাট আমি ১০০% চেষ্টা আপনাদের জন্য দিব—এই এলাকাগুলির উন্নয়ন করার জন্য এবং জনগণের এই যে ইচ্ছা-আকাঙ্ক্ষা এগুলো পূরণের জন্য আপনাদের মাধ্যমে।’

কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা দায়িত্ব ঠিকভাবে পালন না করলে জনগণ বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেবে।

শেখ হাসিনা সরকারের পতন থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে মিল্লাত বলেন, ‘শেখ হাসিনার বিদায় যদি এরকম হয়ে থাকে এবং তার থেকে যদি আমরা রাজনীতিবিদেরা শিক্ষা না নিই, তাহলে এই বাংলাদেশ আর কোনদিন শিক্ষিত হবে না। শিক্ষা নিতে হবে।’

তিনি বলেন, জোরপূর্বক কোনো কিছু করা, স্বৈরাচারী মনোভাব নিয়ে কর্মকর্তাদের হুকুম দেওয়া কিংবা তাদের দিয়ে অনিচ্ছাকৃত কাজ করানোর সংস্কৃতির বিপরীতে যেতে চায় বর্তমান সরকার।

‘এই কাজগুলি আমাদের মাননীয় প্রধান তারেক রহমান খণ্ডন করতে চান। এটার অপোজিট ওয়ার্ক করতে চান। সেটা কাদেরকে নিয়ে? আপনাদেরকে নিয়ে’, বলেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্ত বেআইনি: হাইকোর্ট

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া কেবল গভর্নিং বডির সিদ্ধান্তে কোনো শিক্ষককে বরখাস্ত করা বেআইনি বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আইনি প্রক্রিয়া পাশ কাটিয়ে গভর্নিং বডির সভাপতির কেবল মৌখিক বা টেলিফোনিক নির্দেশে তদন্ত কমিটি গঠন করাও সম্পূর্ণ আইনবহির্ভূত।

৪ ঘণ্টা আগে

স্বল্প সময়ের মধ্যেই কমবে লোডশেডিং: তথ্য উপদেষ্টা

জাহেদ উর রহমান বলেন, ‘লোডশেডিং নিয়ে একটা বিস্তারিত ডেটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। লোডশেডিং নিয়ে এটুকু বলি, জ্বালানি নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। আশা করছি যে পরিমাণ লোডশেডিং আছে, সেটা বেশ খানিকটা কমে আসবে উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড।’

৪ ঘণ্টা আগে

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই স্থানে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং দেশের চার সমুদ্রবন্দরের ওপর

৫ ঘণ্টা আগে

থার্ড টার্মিনালের ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ নিচে, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

সূত্র জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্বরত ছিলেন বিমান বাহিনীর সদস্যরা। কর্তব্যরত অবস্থায় বিমানবাহিনীর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

১৬ ঘণ্টা আগে
Advertisement