বিদ্যুৎ সাশ্রয়ে অফিস ৯টা-৪টা, মার্কেট বন্ধ ৬টায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার রাতে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিএমও

ইরান যুদ্ধের জেরে বিশ্বব্যাপী সৃষ্ট জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে অফিস ও ব্যাংকের সময়সীমায় বদল এনেছে সরকার। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। একই সূচিতে চলবে ব্যাংকও।

এ ছাড়া দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ৬টায় বন্ধ করতে বলা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানোসহ কেনাকাটা, ভ্রমণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে কৃচ্ছ্রতা সাধনের সিদ্ধান্তও নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর মধ্যরাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফ করেন।

বর্তমানে সরকারি অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস খোলা রাখা হবে। ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, ব্যাংকও বিকেল ৪টায় বন্ধ হয়ে যাবে।

এর আগে বৃহস্পতিবার সকালে দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার ৬টার মধ্যে এগুলো বন্ধ করতে বলেছে। তবে হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবার দোকান ও কাঁচাবাজার এ সময়সীমার বাইরে থাকবে।

সরকারি ব্যয় সংকোচনে মন্ত্রিসভার সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সরকারি কিছু ব্যয় কমানো হচ্ছে। আগামী তিন মাস সরকারিভাবে নতুন কোনো যানবাহন, জলযান, আকাশযান বা কম্পিউটার সামগ্রী কেনা হবে না। এ ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ পরবর্তী আদেশ দেওয়া না পর্যন্ত বন্ধ করা হয়েছে।

খরচ ও বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ের আরও সিদ্ধান্ত তুলে নাসিমুল গনি বলেন, সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ কমানো হয়েছে। জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস খাতে সরকারের খরচ ৩ শতাংশ কমানো হয়েছে। ভ্রমণ ব্যয় আমরা ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছি। এ ছাড়া বিয়ে বা কোনো ধরনের উৎসবে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইলেকট্রিক বাস চালু করতে হবে বলেও সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সচিব বলেন, ঢাকা শহরসহ দেশের অন্যান্য স্থানে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য অজস্র গাড়ি দেওয়া হয়। এসব গাড়ির বদলে ইলেকট্রিক বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, যেসব স্কুল এ কার্যক্রমে অংশ নেবে, তারা শুল্ক ছাড়াই এসব বাস আনতে পারবেন। এ ছাড়া বাণিজ্যিকভাবে যারা ইলেকট্রিক বাস আনতে চান, তারাও আনতে পারবেন। তবে তাদের জন্য ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। তবে শর্ত থাকবে, পুরনো বাস আনা যাবে না, নতুন বাস আনতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, আজ আমাদের প্রধানমন্ত্রীর (তারেক রহমান) অফিস আওয়ার প্রায় ১৮ ঘণ্টা হয়ে গেছে। আমাদের অনেকেরই এ খাটুনিটা গেছে।

এর আগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিন অফলাইনে ও তিন দিন অনলাইনে পাঠদান চালু করা হতে পারে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে জানানো হয়েছিল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সম্ভাব্য সব ধরনের উপায় নিয়ে আলোচনা চলছে। কোথায় কীভাবে কাজ করা যায় তা নিয়ে আশা করি রোববার বা সোমবারের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে, প্রয়োজনীয় নির্দেশনা আসবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন মামলায় গ্রেপ্তার রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস, জামিন নামঞ্জুর

ঢাকার আরেক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হরিদাসের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী বাসুদেব গুহ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।

১৬ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ, ম্যানেজিং কমিটি নয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে যাচ্ছে না। আগের মতোই পরীক্ষা নিয়ে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়া এবং সেই সনদের ভিত্তিতে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

১৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতে ব্রিকস সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরেরও আমন্ত্রণ পেয়েছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

ড্রোনে আরও কার্যকর হবে সীমান্ত নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

১৮ ঘণ্টা আগে
Advertisement