নতুন বেতন কাঠামো কার্যকরসহ ৫ দাবিতে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৪: ৫০
সংবাদ সম্মেলনে ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। ছবি: সংগৃহীত

সরকার ঘোষিত বেতন কমিশনের (পে-স্কেল) গেজেট প্রকাশ ও ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।

আজ শনিবার (১ আগস্ট) রাজধানীর ১৫, আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্বঘোষিত প্রেসক্লাব অভিমুখে শোভাযাত্রা, কর্মচারী সমাবেশ এবং আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পরিবর্তন করে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন সংগঠনের নীতি-নির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ। লিখিত বক্তব্য পাঠ ও পরিবর্তিত কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব বদরুল আলম সবুজ। প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম।

লিখিত বক্তব্যে সংগঠনের নেতারা বলেন, তাদের দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন গঠন করেছিল। সর্বশেষ বাজেট অধিবেশনে ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন স্কেল কার্যকরের প্রস্তাব পাস হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু এখনো বেতন কমিশনের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বিশেষ করে নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে কর্মচারীদের ক্ষোভ ও হতাশা দূর করতে অবিলম্বে বেতন কমিশনের গেজেট প্রকাশ এবং তা বাস্তবায়নের বিকল্প নেই।

সংগঠনের নেতারা জানান, গত ২৯ জুলাই সমন্বয় পরিষদের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি অনির্ধারিত সৌজন্য সাক্ষাৎ হয়। সেখানে প্রধানমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে আশ্বস্ত করেন এবং এ বিষয়ে ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। একই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে ২৬ জুলাই সভাপতি ও মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথাও উল্লেখ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান নেতারা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভাগীয় পর্যায়ে দপ্তরে দপ্তরে গণসংযোগ, কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জেলা পর্যায়ে কর্মচারী সমাবেশ, গণসংযোগ ও মতবিনিময় সভা আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে নেতারা সরকারের প্রতি পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

১. সরকার ঘোষিত বেতন কমিশনের গেজেট প্রকাশ করে ১ জুলাই ২০২৬ থেকে তা কার্যকর করতে হবে।

২. টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, শতভাগ পেনশন ব্যবস্থা চালু, প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণ, সচিবালয়ের মতো অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন এবং জাতীয় সার্ভিস কমিশন ও স্থায়ী বেতন কমিশন গঠন করতে হবে।

৩. ওয়ার্কচার্জ, কন্টিনজেন্ট পেইড, মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সব অস্থায়ী কর্মচারীকে নিয়মিত করতে হবে এবং ন্যায্যমূল্যে মানসম্মত রেশন সুবিধা নিশ্চিত করতে হবে।

৪. সচিবালয়ের মতো সমকাজে সমবেতন ও পদবির সমতা নিশ্চিত করতে হবে। আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল করে কর্মরতদের শূন্য রাজস্ব পদে নিয়োগ দিতে হবে এবং সব পর্যায়ের ব্লকপোস্টে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

৫. আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী সব সরকারি দপ্তরের কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে।

নেতারা বলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি তাদের আহ্বান, অবিলম্বে বেতন কমিশনের গেজেট প্রকাশ করে তা বাস্তবায়ন করা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘোষিত সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচি সফল করতে সরকারি কর্মচারীদের প্রতি অংশগ্রহণের আহ্বান জানান মহাসচিব বদরুল আলম সবুজ। উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন সভাপতি মোহাম্মদ আজিম।

এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে কুতুব উদ্দিন সেলিম, মো. সেলিম ভূঁইয়া, মো. রোকনুজ্জামান, জিল্লুর রহমান খান, মো. দেলোয়ার হোসেন, ফাহমিদা আক্তার ইলা, ইমরুল কায়েশ পলাশ, মো. আলাউদ্দীন, কামাল হোসেন শিকদার, এম এ আউয়াল, সৈয়দ আজগর আলী এবং মো. আলাউদ্দীন আহম্মেদ মোল্লাসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বেতন কমিশনের গেজেট প্রকাশ এবং সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন শান্তিপূর্ণভাবে অব্যাহত থাকবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৪ ঘণ্টা আগে

হ্যাকিং তদন্তে ওপেনএআইয়ের আরও এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

গোল ফর গুড: বিশ্বকাপের গোল থেকে সবুজ বাংলাদেশের বার্তা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে পরিবেশ সংরক্ষণের বার্তায় রূপ দিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব আয়োজন ‘গোল ফর গুড’। শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক পরিবেশ সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

৫ ঘণ্টা আগে

র‌্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারক

গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে র‍্যাবের আলোচিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা।

৭ ঘণ্টা আগে