দুবাই-সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা পাচার— আসিফের বিরুদ্ধে অভিযোগ দুদকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০০
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ছবি: আসিফ মাহমুদ ফেসবুক পেজ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযোগ রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের একজন কর্মকর্তা জানান, নতুন অভিযোগগুলো আসিফ মাহমুদের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করা হবে।

নতুন এ অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে এ অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশ পেলে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও চরিত্রহননের চেষ্টার সঙ্গে তুলনা করেছেন। এনসিপির পক্ষ থেকেও অভিযোগকে ‘সাজানো নাটক ও মানহানিকর অপচেষ্টা’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

দুদকে দেওয়া নতুন অভিযোগ অনুযায়ী, দুবাইয়ে সাড়ে চার হাজার কোটি, সিঙ্গাপুরে তিন হাজার কোটি, অস্ট্রেলিয়ায় দুই হাজার কোটি ও সুইজারল্যান্ডে দেড় হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে আসিফের বিরুদ্ধে। বলা হয়েছে, এসব অর্থ দিয়ে বিলাসবহুল ভিলা কেনা ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি পর্তুগালে জমি কেনা, দুবাইয়ের গ্রিন গ্রুপে বিনিয়োগ ও সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ রাখার অভিযোগও করা হয়েছে। দুই বোন-জামাই ও এক ভাগনের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগও রয়েছে আসিফের বিরুদ্ধে।

বিদেশে অর্থ পাচারের অভিযোগের পাশাপাশি আসিফের বিরুদ্ধে সরকারি পদে নিয়োগ, বদলি ও পদায়নেও অর্থ লেনদেনের অভিযোগও পেয়েছে দুদক। সংস্থাটির তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা এবং ৩৬ জন জেলা প্রশাসককে পদায়নে দুই থেকে ১০ কোটি টাকা করে লেনদেনের অভিযোগ রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের টেন্ডার বাণিজ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে আসিফের বিরুদ্ধে। নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের টেন্ডারেও তার সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়িয়ে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগারের তৃতীয় ধাপে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে এক হাজার ২০০ কোটি টাকা ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগও করা হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আব্দুস সালামকে নিয়োগে ১০ কোটি টাকা, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খানকে ৫২ কোটি টাকা এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আব্দুল লতিফ খানকে ৬৫ কোটি টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েও নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অর্থ লেনদেনের অভিযোগ পেয়েছে দুদক। ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল করে নতুন পদায়নের আদেশ দেওয়ার বিনিময়ে ৭৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য ১ কোটি ৫ লাখ এবং পদোন্নতির পর পছন্দের জায়গায় পদায়নের জন্য আরও প্রায় ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।

দুদকের অভিযোগে আসিফের বাবা বিল্লাল হোসেন ও তার এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও ঠিকাদারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও স্থানীয় প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। তার পিও মাহফুজুল আলম ভূঁইয়ার বিরুদ্ধে ঘুষ লেনদেনে তদবির ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয়েছে। সরকারি অর্থে হেলিকপ্টারে ভ্রমণ, পাঁচ তারকা হোটেলে যাতায়াত, বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস ও গাড়ি ব্যবহারের অভিযোগও রয়েছে।

এর আগে ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। নতুন অভিযোগগুলো ওই অনুসন্ধানের সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক তানজির আহমেদ।

তবে এসব অভিযোগ ও দুদকের বক্তব্যের প্রতিবাদ করেছেন আসিফ মাহমুদ। গত বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বিষয়ে দুদকের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

পরে তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনি দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আখতারুল ইসলামের কাছে আইনি নোটিশ পাঠান। এতে দুদকের বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়।

গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, তদন্তের ফলাফল বা সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশের আগেই দুদকের বক্তব্যের কারণে তার বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ শুরু হয়েছে। এতে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও চরিত্রহননের চেষ্টার সঙ্গে তুলনা করেছেন।

আর পুরো ঘটনাটিকে ‘সাজানো নাটক ও মানহানিকর অপচেষ্টা’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। রাজনীতি ডটকমকে তিনি বলেন, ‘আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদক থেকে যে অভিযোগগুলো তোলা হয়েছে, তা মূলত আওয়ামী লীগের পরিচালিত একটি পোর্টাল থেকে প্রকাশিত তথ্যেরই পুনরাবৃত্তি। বেশ কিছুদিন আগে ওই পোর্টালটি যে তথ্য দিয়েছিল, আজকে দুদকের কর্মকর্তাও সেই একই সুরে কথা বলেছেন।’

মাহিন বলেন, পুরো বিষয়টি একটি সাজানো নাটক এবং মানহানিকর অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এরই মধ্যে তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি এ বিষয়ে আইনি নোটিশও পাঠিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে বোঝা যাচ্ছে, বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামনে অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনের সঙ্গে আসিফের বিরুদ্ধে অভিযোগ তোলার যোগসূত্র থাকতে পারে বলেও মনে করেন এনসিপির এই নেতা। আসিফ ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী হতে পারেন। এরই মধ্যে তিনি নিজের ভোটার এলাকাও ঢাকা দক্ষিণ সিটি থেকে ঢাকা উত্তর সিটিতে স্থানান্তর করেছেন।

মাহিন বলেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখেই তড়িঘড়ি করা হয়েছে। আসিফ মাহমুদ গণঅভ্যুত্থানের একজন প্রধান নেতা এবং এনসিপির বড় একটি শক্তি। সিটি নির্বাচনে তার মতো একজন শক্তিশালী প্রার্থীকে প্রতিহত করতে বা এ ধরনের ট্যাগ দিয়ে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারলে বিএনপির রাজনৈতিক লাভ হয়। এটি যে সম্পূর্ণ একটি রাজনৈতিক এজেন্ডা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাক্ষীকে হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৪ ঘণ্টা আগে

ফেনীতে ২ শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে বিএনপির সভা

ফেনীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রেখে স্মরণসভা করেছে বিএনপি। পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. হারুনুর রশিদের স্মরণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

৫ ঘণ্টা আগে

আদানির বন্ধ ইউনিট পুনরায় সচল, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে আবার উৎপাদন শুরু হয়েছে। রোববার ভোরে ইউনিটটি চালু করার পর দুপুর ২টা নাগাদ বাংলাদেশে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

৬ ঘণ্টা আগে

যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

দশ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী শারমিনকে পুড়িয়ে হত্যার দায়ে দুলাল হোসেন ওরফে দুলুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে
Advertisement