তীব্র তাপদাহেও পানি নেই রাজধানীর বিভিন্ন এলাকায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অসহনীয় গরমে হাঁপিয়ে উঠেছে নগরজীবন।এ অবস্থার মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় পাওয়া যাচ্ছে না ওয়াসার পানি। এই তাপদাহের মধ্যে পানি না পেয়ে অসহনীয় দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।

রাজধানীর বাড্ডা, নতুন বাজার, রামপুরা, মেরুল, ডিআইটি, মালিবাগ, বাসাবো, মিরপুর, শেওড়াপাড়া, পুরান ঢাকা, মুগদা, মান্ডা, লালবাগ, রায়েরবাগসহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে পানির সংকট দেখা দিয়েছে। ঢাকা ওয়াসার পক্ষ থেকে বলা হচ্ছে, সার্বিকভাবে পানি সরবরাহে ঘাটতি নেই। তবে কয়েকদিনের অসহনীয় গরমের কারণে পানির চাহিদা বেড়েছে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপের মাধ্যমে পানির উৎপাদন কিছু কিছু জায়গায় কম হচ্ছে। সেসব জায়গায় পানির সংকট দেখা দিয়েছে। আবার কিছু এলাকায় ঢাকা ওয়াসার গভীর নলকূপ কম থাকায় সেখানেও পানির সংকট তৈরি হয়েছে।

লাইনে পানি না পেয়ে যারা টাকার বিনিময়ে ওয়াসার গাড়ির পানি অর্ডার করেছিলেন তারাও ঠিকমতো পানি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। ঢাকা ওয়াসার আওতায় ১০টি মডস জোনে পানির চাহিদা জানানো হলে বিশেষ গাড়ির মাধ্যমে বাসা-বাড়িতে পানি পৌঁছে দেওয়া হয়। সেক্ষেত্রে প্রতি ছয় হাজার লিটারের একটি বড় গাড়ির জন্য নেওয়া হয় ৬০০ টাকা। কিন্তু চাহিদা অনেক বেশি থাকায় সিরিয়াল দিয়ে, ফোন করেও এসব পানির গাড়ি পাচ্ছেন না পানি সংকটে থাকা বাসিন্দারা। ৬০০ টাকার গাড়ির জন্য ১০০০ বা ১২০০ টাকা দিয়েও সিরিয়াল পাচ্ছেন না তারা।

রাজধানীর উত্তর বাড্ডার ভাড়া বাসায় থাকেন বেসরকারি চাকরিজীবী বশির আহমেদ। তিনি গত ৪-৫ দিন ধরে বাসায় পানি পাচ্ছেন না। ক্ষোভ প্রকাশ করে বশির আহমেদ বলেন, গত গত ৪-৫ দিন ধরে ওয়াসার লাইনে পানি পাই না আমরা। এত গরমে মানুষের জীবন যায় যায় অবস্থা, এর মধ্যে বাসায় পানি না থাকা যে কতটা কষ্টের তা কেবল ভুক্তভোগীরাই বোঝে।

রাজধানীর বাসাবো এলাকার বাসিন্দা আক্কাস মিয়াও একই অভিযোগ করেন। তিনি বলেন, রান্না, গোসল, বাথরুমের জন্য পানিও ঠিকমতো পাচ্ছি না। খাওয়ার পানি বাইরে থেকে কিনে আনছি। এই গরমে বাসায় পানি না পাওয়ায় খুবই দুর্বিষহ অবস্থা যাচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার ওয়াসার সঙ্গে যোগাযোগ করেও ‍কোনো সুফল পাচ্ছি না আমরা। মডস জোনের আওতায় বাড্ডার বৌবাজার এলাকার ওয়াসার পাম্পের অপারেটর মনিরুল ইসলাম বলেন, অতিরিক্ত গরমের কারণে পানি সরবরাহে সংকট দেখা দিয়েছে। আমরা মেশিন চালিয়ে ঠিকমতো পানি পাচ্ছি না। পানির স্তর নিচে নেমেছে কিছু কিছু এলাকায়। গরমে পানির চাহিদাও অনেকগুণ বেড়ে গেছে। সব মিলিয়ে পানি সরবরাহ কিছুটা ব্যাহত হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা ওয়াসার এক কর্মকর্তা বলেন, সার্বিকভাবে পানি সরবরাহে ঘাটতি নেই। তবে গরমের কারণে পানির চাহিদা বেড়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপের মাধ্যমে পানির উৎপাদন কিছু কিছু জায়গায় কম হচ্ছে, মূলত সেই সব এলাকাতেই কিছুটা পানির সংকট দেখা দিয়েছে। যদিও ঢাকা ওয়াসার দাবি, চাহিদার তুলনায় বেশি পানি উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের। অন্য সময় বা শীতকালে রাজধানীতে দৈনিক পানির চাহিদা থাকে ২১০ কোটি লিটার থেকে ২৩০/২৪০ কোটি লিটারের। কিন্তু গরমকাল এলে এটা বেড়ে ২৬০ কোটি লিটারে গিয়ে দাঁড়ায়। তবে বর্তমানে ঢাকা ওয়াসার প্রতিদিন প্রায় ২৯০ কোটি লিটার পানির উৎপাদনের সক্ষমতা আছে। কিন্তু চাহিদা অনুযায়ী প্রতিদিন এখন গড়ে ২৬০ কোটি লিটার পানি উৎপাদন করছে ঢাকা ওয়াসা। সার্বিকভাবে পানি সরবরাহের কোনো সমস্যা নেই, তবে কিছু কিছু এলাকায় পানি সরবরাহে সাময়িক সমস্যা হচ্ছে।

বর্তমানে ঢাকা ওয়াসার পানি শোধনাগার রয়েছে পাঁচটি। তবে সংস্থাটি পানি পাচ্ছে চারটি শোধনাগার থেকে। উপরিতলের পানির উৎপাদন ৭০ শতাংশে উন্নীত করার কথা থাকলেও সেই লক্ষ্যপূরণ এখনো করতে পারেনি ঢাকা ওয়াসা। বর্তমানে উপরিতলের পানি পাওয়া যাচ্ছে মাত্র ৩৫ শতাংশ। আর বাকি ৬৫ শতাংশ ওয়াসার সরবরাহ করা পানি তারা পাচ্ছে ভূগর্ভ থেকে। এদিকে শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীর পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে ঢাকা ওয়াসার সব মডস জোনের কার্যক্রম তদারকির জন্য ১০টি মনিটরিং টিম গঠন করেছে ঢাকা ওয়াসা। রাজধানীতে পানির সমস্যা সমাধানে এসব টিম আগামী জুলাই মাস পর্যন্ত পানি ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং করবে। গঠন করা এই ১০টি মনিটরিং টিম জোনভিত্তিক পাম্পগুলো নিয়মিত ও আকস্মিক পরিদর্শন করবে। পাম্প চালকরা যথানিয়মে দায়িত্ব পালন করছে কি না, সে বিষয়ে নিশ্চিত হবে টিমগুলো। পরিদর্শনকালে তাৎক্ষণিক প্রয়োজনীয় সুপারিশসহ প্রশাসনকে লিখিতভাবে অবহিত করবে ঢাকা ওয়াসার এ কমিটি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি মাসে ঢাকায় ছয় ঘণ্টার হিসাবে সর্বোচ্চ।

২ ঘণ্টা আগে

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

আজ ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে এই বর্ষীয়ান রাজনীতিকের বয়স হয়েছিল ৯৫ বছর। হাসপাতাল সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত নানা জটিলতা ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে তিনি বেশ কিছু দ

২ ঘণ্টা আগে

জমির উদ্দিন সরকারের প্রয়াণে সুপ্রিম কোর্টে আধা বেলা ছুটি ঘোষণা

বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বহু বছর ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ও গৌরবময় রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া অত্যন্ত দক্ষতার সাথে সরকারের শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুর

৩ ঘণ্টা আগে

দেশের আরও ১০ জেলায় বন্যার শঙ্কা

আবহাওয়া ও নদ-নদীর পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলীয় নদ-নদীর অববাহিকাভুক্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলা এবং উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর নিম্নাঞ্চলের জেলাগুলো নতুন করে স্বল্পমেয়াদী বন্যায় আক্রান্ত হতে পারে।

৪ ঘণ্টা আগে