মানুষ ফিরলেও ফেরেনি ব্যস্ততা, ঢিমেতালে চিরচেনা ঢাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৭: ৫৩
দীর্ঘ ছুটি শেষে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। ছবি: রাজনীতি ডটকম

পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবসের ১২ দিনের দীর্ঘ ছুটি কাটিয়ে আজ রোববার (২৯ মার্চ) থেকে রাজধানী ঢাকা চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে। তবে রাজপথে এখনও সেই চেনা উন্মাদনা-স্থবিরতা দেখা যায়নি। নাড়ির টানে শিকড়ের কাছে ফেরা মানুষগুলো ব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করলেও নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে ব্যস্ততা ফেরেনি এখনও।

সাধারণত ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে ঢাকা পরিণত হয় জনসমুদ্রে। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন— যেখানে কর্মব্যস্ততার আভাস থাকলেও যানজটের চিরচেনা দৃশ্য এখনও চোখে পড়ছে না। সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশমুখে লক্ষ্য করা গেছে এক ভিন্নধর্মী শান্ত আবহ।

গুলিস্তানে সিগন্যালে যানবাহন থেমে থাকলেও পরিচিত সেই দীর্ঘ যানজট দেখা যায়নি। ছবি: রাজনীতি ডটকম
গুলিস্তানে সিগন্যালে যানবাহন থেমে থাকলেও পরিচিত সেই দীর্ঘ যানজট দেখা যায়নি। ছবি: রাজনীতি ডটকম

সরেজমিনে বাবুবাজার ব্রিজ এলাকায় দেখা যায়, বুড়িগঙ্গার ওপার থেকে আসা দক্ষিণবঙ্গের মানুষের অন্যতম প্রধান এই প্রবেশপথে যানবাহনের চলাচল স্বাভাবিক। কিছু বাস ও ছোট যানবাহন ঢাকায় প্রবেশ করলেও দীর্ঘ যানজটের দেখা মেলেনি। গুলিস্তান, মতিঝিল, পল্টন হয়ে শাহবাগ পর্যন্ত ঘুরে দেখা গেছে, ঢাকামুখী মানুষের ঢল সচল থাকলেও চিরচেনা সেই দমবন্ধ করা যানজট দানা বাঁধেনি এখনও।

বাবুবাজার মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন সদস্য রাজনীতি ডটকমকে বলেন, ‘এবার দীর্ঘ ছুটির কারণে মানুষ ধাপে ধাপে ফিরছে। আজ অফিস খুললেও এখনও বিপুলসংখ্যক মানুষ ঢাকার বাইরে রয়েছেন। আমরা চেষ্টা করছি, এই স্বস্তির ট্রাফিক ব্যবস্থা দিনভর বজায় রাখার। ধারণা করছি, বিকেলের দিকে চাপ কিছুটা বাড়বে, কারণ অনেকেই ব্যক্তিগত গাড়িতে ফিরছেন।’

বাবুবাজার ব্রিজ পার হয়ে নয়াবাজার হয়ে গুলিস্তানের দিকে এগোলে জনস্রোতে কিছুটা বাড়লেও তা তেমন অসহনীয় ছিল না। বিশেষ করে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় দূরপাল্লার বাস থেকে যাত্রীরা নামলেও ভিড় জমছে না। পর্যাপ্ত লোকাল বাস থাকায় তারা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছেন।

পর্যাপ্ত লোকাল বাস থাকায় ঢাকায় ফেরা যাত্রীরা দ্রুত তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। ছবি: রাজনীতি ডটকম
পর্যাপ্ত লোকাল বাস থাকায় ঢাকায় ফেরা যাত্রীরা দ্রুত তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। ছবি: রাজনীতি ডটকম

ফুলবাড়িয়া বাস টার্মিনালে রাজিব হাসান নামের একজন বেসরকারি চাকুরিজীবীর সঙ্গে কথা হয় রাজনীতি ডটকমের। তিনি বলেন, ‘ঈদের পর প্রথম দিন অফিসে যাওয়ার জন্য যে পরিমাণ ধকল সহ্য করতে হয়, আজ তার ছিটেফোঁটাও নেই। রাস্তাঘাট ফাঁকা থাকায় দ্রুত ঢাকায় পৌঁছাতে পেরেছি। আগামী দু-তিন দিনের মধ্যে ঢাকা তার পূর্ণ ব্যস্ততায় ফিরবে বলে আমি মনে করি।’

গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় ও পল্টন মোড়ে সিগন্যালে কিছু গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তা ছিল স্বাভাবিক সময়ের মতোই।

ঢাকার বাণিজ্যিক হৃদপিণ্ড হিসেবে পরিচিত মতিঝিলেও এখনও ফেরেনি চিরচেনা রূপ। ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও অন্যান্য অফিস খুললেও উপস্থিতির হার ছিল তুলনামূলক কম। শাপলা চত্বর এলাকায় রিকশা ও মোটরসাইকেলের চলাচল ছিল চোখে পড়ার মতো, তবে গাড়ির সেই দীর্ঘ সারি-যানজট দেখা যায়নি আজ।

পল্টন এলাকায়ও যানজটের দেখা মেলেনি। ছবি: রাজনীতি ডটকম
পল্টন এলাকায়ও যানজটের দেখা মেলেনি। ছবি: রাজনীতি ডটকম

মতিঝিলের একজন ব্যাংক কর্মকর্তা শিবাজি ধর বলেন, ‘টানা ১২ দিনের ছুটির পর প্রথম দিন কাজে গতি আসতে সময় লাগে। অনেক সহকর্মী এখনও গ্রামে আছেন। আমার মনে হয়, আগামী কাল বা পরশু থেকে মতিঝিল তার পুরনো ব্যস্ততা ফিরে পাবে। আজ যাতায়াতে যে স্বস্তি পেয়েছি, গত কয়েক বছরে ঈদের পর প্রথম দিনে কল্পনাও করা যেত না।’

দীর্ঘ ছুটির পরে প্রিয়জনদের ছেড়ে আসার বিষণ্ণতা ও যান্ত্রিক শহরের বাস্তবতাকে মেনে মানুষ আবারও তাদের জীবন সাজাতে শুরু করেছেন। তবে আজ প্রথম কার্যদিবসেও ঢাকা যে তার চিরচেনা ব্যস্ততায় ফেরেনি, এই চিত্র বেমানান। রাজধানীর চিরচেনা রূপ বিশ্লেষণ করলে বোঝা যায়, এই ফাঁকা চিত্র কেবল সাময়িক; দু-এক দিনের মধ্যে ঢাকা ফিরবে তার স্বাভাবিক ব্যস্ততায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মারধর-হত্যার হুমকির মামলায় সালমান এফ রহমানের জামিন

অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালের ২৮ জুলাই বিআইএফএফএলের ৮০তম বোর্ড সভায় চাহিদামতো ঋণ ও বিনিয়োগ সুবিধা দিতে অস্বীকৃতি জানালে ফরমানুল ইসলামের ওপর চড়াও হন আসামিরা। একপর্যায়ে তার জামার কলার ধরে টানাহেঁচড়া ও চড়-থাপ্পড় মারা হয়। তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়া হয়।

১১ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, আইনের খসড়া অনুমোদন

খসড়া আইনে বলা হয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক এ বাহিনীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন। আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি ও এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

১৫ ঘণ্টা আগে

২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ, দেখে নিন কোন পরীক্ষা কবে

রুটিন বলছে, ১৪ মার্চ প্রথম দিনে নেওয়া হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হবে ১৬ মার্চ। এরপর ১৮ মার্চ ইংরেজি প্রথমপত্র, ২১ মার্চ ইংরেজি দ্বিতীয়পত্র ও ২৫ মার্চ নেওয়া হবে গণিত পরীক্ষা। এ পাঁচটি পরীক্ষাই আবশ্যিক।

১৫ ঘণ্টা আগে