গণঅভ্যুত্থানের চেতনার উলটো দিকে যাত্রার প্রচেষ্টা চলছে: আনু মুহাম্মদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২২: ০৯
জুলাই গণঅভ্যুত্থানের সময় কারফিউ ভেঙে বের করা গানের মিছিলের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য দেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। ছবি: সংগৃহীত

২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় কারফিউ ভেঙে বের করা গানের মিছিলের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে এ কথা বলেন আনু মুহাম্মদ। রোববার (২৬ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, গণঅভ্যুত্থানে অত্যাচারী শাসকের পতন ঘটলেও গণতান্ত্রিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শিল্পী, লেখক ও সংস্কৃতিকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গানের মিছিল ছিল বৃহত্তর প্রতিরোধ সংগ্রামের এক সাংস্কৃতিক প্রকাশ। সংস্কৃতি অঙ্গনের একটি অংশ দীর্ঘদিন শাসকের কাছে আত্মসমর্পণ করলেও অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী নিজেদের স্বাধীন অবস্থান বজায় রেখে হত্যাকাণ্ড ও দমন-পীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। তাদের সক্রিয় ভূমিকা গণ-অভ্যুত্থানের শক্তিকে আরও বিস্তৃত করেছিল।

তবে গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি প্রত্যাশিত পথে এগোয়নি বলে মন্তব্য করেন আনু মুহাম্মদ। বলেন, আন্দোলনের মূল বার্তা ছিল সব মানুষের অধিকার, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক রূপান্তর। কিন্তু পরবর্তী সময়ে নারী, আদিবাসী, শিল্পী, লেখক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। গণঅভ্যুত্থানের যে শক্তি সাংস্কৃতিক স্বাধীনতা ও গণতান্ত্রিক বিকাশের পথ সুগম করার কথা ছিল, তার বিপরীত প্রবণতাই দৃশ্যমান হয়েছে।

তিনি বলেন, লিঙ্গ, ধর্ম ও জাতিগত বৈষম্যের ভিত্তিতে রাজনীতি করা গোষ্ঠীগুলোই এখন প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এতে অনেকের কাছে মনে হচ্ছে, তারাই যেন গণঅভ্যুত্থানের মালিক হয়ে উঠেছে। গণঅভ্যুত্থানকে হাতছাড়া করার এই প্রচেষ্টার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পরবর্তী নির্বাচিত সরকারও বিভিন্ন বিষয়ে নীরব সম্মতি দিয়ে যাচ্ছে।

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা ও বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালটু। আরও বক্তব্য দেন সমাজ চিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদল, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য রাফিকুজ্জামান ফরিদ প্রমুখ।

সাংস্কৃতিক সমাবেশে আবৃত্তি করেন শিল্পী সায়ান, হাসান ফখরি, দীপক সুমন, মাহমুদুল হাসান, কামরুজ্জামান ভূঁইয়া। একক সংগীত পরিবেশন করেন শিল্পী লায়েকা বশীর। মূকাভিনয় করেন মুন্সি আবু হারুন টিটো। দলগত সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বিবর্তন, কোরাস ও সমগীতের শিল্পীরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চা শিল্পের সংকট নিরসনে কমিটি গঠনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসন এবং খাতটির টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৯ ঘণ্টা আগে

দেশের বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মিলেছে মাইক্রোপ্লাস্টিক: ইএসডিও

রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি।

১০ ঘণ্টা আগে

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১০ ঘণ্টা আগে

একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

১০ ঘণ্টা আগে