শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি, কারিগরি শিক্ষায় গুরুত্ব-জবাবদিহিতার তাগিদ শিক্ষামন্ত্রীর

রাজশাহী ব্যুরো
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৬: ০৬
শনিবার রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত সেমিনার এবং ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৬’-এর আঞ্চলিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: রাজনীতি ডটকম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী দিনে শিক্ষাখাতে বাজেট আরও বৃদ্ধি পাবে। তবে এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সঠিক অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি কারিগরি শিক্ষাকে দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে এ খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ ওসমান বিন হাদি অডিটোরিয়ামে আয়োজিত সেমিনার এবং ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৬’-এর আঞ্চলিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। এখানে জনসংখ্যার অভাব নেই, কিন্তু দক্ষ জনশক্তির সংকট রয়েছে। তাই আমাদের লক্ষ্য এই বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা। এজন্যই বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক ব্যয়ের কোনো বিকল্প নেই। বাজেট বাড়ালেই হবে না, কোন খাতে কীভাবে ব্যয় করা হবে, তা নির্ধারণ করাই বড় চ্যালেঞ্জ।

শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ছবি: রাজনীতি ডটকম
শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ছবি: রাজনীতি ডটকম

সরকার ইতোমধ্যেই কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেছে এবং আগামী বাজেটেই এর প্রতিফলন থাকবে বলে জানান তিনি। উন্নত দেশগুলোর উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী বলেন, হাতে-কলমে শিক্ষার মাধ্যমেই জাপান, জার্মানি ও কানাডা আজ বিশ্বে এগিয়ে রয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় শিক্ষার্থীরা অনিয়মিত ক্লাস, পরীক্ষা গ্রহণে বিলম্ব, পুরনো ল্যাব যন্ত্রপাতি, পর্যাপ্ত মেশিনারিজের অভাব এবং কারিকুলাম-সিলেবাসের অসামঞ্জস্যসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

শিক্ষকদের পক্ষ থেকেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়। তারা জানান, ১৯৬৩ সালে নির্মিত ভবনে ক্লাস ও ল্যাব পরিচালনা করতে হচ্ছে এবং প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতির অভাবে কার্যকরভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়া ৪৪ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এসব সমস্যার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষায় যত টাকা লাগে দেওয়া হবে। কিন্তু কোথায় কত খরচ হবে, তা নির্ধারণ করে প্রকল্প নিতে হবে। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে সমস্যাগুলো শুনে সেগুলো সমাধানে উদ্যোগ নেব।’

জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, মন্ত্রণালয়, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। পলিটেকনিকের প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘সামনে পরীক্ষা। তাতে তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল, কারো বাঁচার উপায় নেই। তাই শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন কি না, তা কেন্দ্র থেকে পর্যবেক্ষণ করা হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার লক্ষ্য হলো স্বল্প সময়ে হাতে-কলমে শিখে পরিবার ও দেশকে স্বাবলম্বী করা। এখানে বাড়তি বা অযাচিত পড়াশোনা করে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আমাদের এমন পাঠ্যক্রম তৈরি করতে হবে যা সরাসরি কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধিতে সহায়ক হয়। উচ্চশিক্ষায় যেতে আগ্রহীদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই বিশেষ সুযোগ রাখা আছে।

শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জাতি গঠনের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেননা, মন্ত্রী আসেন ও যান, কিন্তু সবারই প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হয়। তাই শিক্ষাব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

একই সঙ্গে শিক্ষকদের আবাসন ও অন্যান্য সুবিধা ধাপে ধাপে নিশ্চিত করার আশ্বাস দেন মন্ত্রী। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া ১৯ জন শিক্ষকের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু হানিফ প্রমুখ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফোনালাপে গ্যাস সংকটে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

১০ ঘণ্টা আগে

সংসদ ভবনে গণপূর্ত কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

১১ ঘণ্টা আগে

বাংলাদেশের কাছে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার বিক্রির আগ্রহ রাশিয়ার

বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।

১১ ঘণ্টা আগে

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

১২ ঘণ্টা আগে