রিকশাচালক আজিজুরের মুক্তি চেয়েছে আসক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিকশাচালক আজিজুর। ছবি: সংগৃহীত

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শোক জানাতে গিয়ে রিকশাচালক মো. আজিজুর রহমানের মারধর ও গ্রেপ্তারের শিকার হওয়ার ঘটনায় নাগরিকের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গ্রেপ্তার প্রত্যাহার করে আসক আজিজুরের মুক্তি দাবি করেছে।

রোববার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক এ দাবি জানিয়েছে। আজিজুরকে অবিলম্বে মুক্তি দিয়ে নাগরিকের সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে আসক বলেছে, ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে অন্য অনেক নাগরিকের মতো আজিজুর রহমান নামে একজন রিকশাচালকও ‘মব সন্ত্রাসে’র শিকার হয়। ‘মব সন্ত্রাসী’রা ১৪ আগস্ট রাত থেকেই ৩২ নম্বরে অবস্থান নিয়ে সাধারণ নাগরিকদের ব্যক্তিগত ফোন তল্লাশি ও জিজ্ঞাবাদের নামে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে, যা ১৫ আগস্ট সারা দিন বাধাহীনভাবে অব্যাহত রাখে।

আসক বলছে, এ ধরনের বেআইনি তৎপরতায় লাঞ্ছনার শিকার হতে দেখা গেছে নারী-পুরুষ অনেককে। এর মধ্যে শোক জানাতে যাওয়া রিকশাচালক আজিজুর রহমানকে মারধর করে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের হাতে তুলে দেয় ‘মব সন্ত্রাসী’রা। আশ্চর্যজনকভাবে ধানমন্ডি থানায় আগেই দায়ের করা জুলাই ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় ‘সন্দিগ্ধ আসামি’ হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় আসক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

জুলাই আন্দোলনে দায়ের করা বিভিন্ন মামলায় অনেক নিরীহ নিরপরাধ নাগরিকের হয়রানির শিকার হওয়ার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে আসকের বিবৃতিতে।

সংস্থাটি বলছে, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বারবার দাবি করছেন, জুলাই আন্দোলনের মামলাগুলোতে যাচাই-বাছাই করেই গ্রেপ্তার করা হচ্ছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, কেবল শোক জানাতে আসা একজন সাধারণ নাগরিককেও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি শুধু নিন্দনীয় নয়, এটি সরকারের নিজস্ব ঘোষিত নীতি ও নাগরিকের প্রতি অঙ্গীকারেরও ঘোরতর বরখেলাপ।

আসক মনে করছে, সাধারণ নাগরিককে শোক প্রকাশ করতে যাওয়ার কারণে শারীরিকভাবে আক্রমণ ও পরে গ্রেপ্তার দেখানো নাগরিকের সাংবিধানিক অধিকার লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়েছে, একজন নাগরিক কোথায় যাবেন, কোথায় যাবেন না— তা নির্ধারণ করার অধিকার কেবল সংবিধান প্রদত্ত স্বাধীনতার মাধ্যমে নাগরিকেরই থাকবে। অন্য কেউ বা রাষ্ট্রীয় সংস্থা এটি নির্ধারণ করতে পারে না।

আসক আরও মনে করে, শোক প্রকাশ করা বা না করা কিংবা যেকোনো বিষয়ে প্রতিবাদ-সমর্থন বা মৌনতা ও মতপ্রকাশ নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার দমন করার অর্থ সংবিধান ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা কেড়ে নিয়ে রাষ্ট্র যদি উদ্দেশ্যপ্রণোদিত দমনপীড়নে লিপ্ত হয়, তবে তা শুধু অগ্রহণযোগ্য নয়, গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আসক সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে, অবিলম্বে এই গ্রেপ্তার প্রত্যাহার করে আজিজুর রহমানকে মুক্তি দেওয়া হোক এবং নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হোক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

১১ ঘণ্টা আগে

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।

১২ ঘণ্টা আগে

৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

১২ ঘণ্টা আগে

গৃহকর্মী হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী

রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

১২ ঘণ্টা আগে