ফেসবুকে ক্রীড়া উপদেষ্টার ‘ইঙ্গিতপূর্ণ’ স্ট্যাটাস, জবাব সাকিবেরও

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আসিফ মাহমুদ ও সাকিব আল হাসান।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো স্ট্যাটাস দিয়ে আগেই আলোচনায় এসেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের বলয় থেকে ছিটকে পড়া সাকিব আল হাসান। তার জের ধরে সাকিবকে ঘিরে ‘ইঙ্গিতপূর্ণ’ স্ট্যাটাস দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাকিবও অবশ্য ছেড়ে দেওয়ার পাত্র নন। পালটা একটি স্ট্যাটাস তিনিও দিয়েছেন ক্রীড়া উপদেষ্টাকে ইঙ্গিত করে।

ঘটনার সূত্রপাত রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫২ মিনিটে। এ সময় একটি ছবির সঙ্গে মাত্র তিন শব্দের স্ট্যাটাস দিয়ে ভার্চুয়াল জগতে সাড়া ফেলে দেন সাকিব।

এ দিন ছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জন্মদিন। তিন শব্দের স্ট্যাটাসে তাকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সাকিব। লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আপা।’ সঙ্গে আপলোড করেছিলেন শেখ হাসিনার সঙ্গে তোলার তার একটি ছবি।

সাকিব আল হাসানের উত্থান ও পরিচিতির সবটা ক্রিকেট ঘিরে হলেও শেষ দিকে আওয়ামী লীগের রাজনীতিতে ‍যোগ দিয়েছিলেন তিনি। আওয়ামী লীগের টিকিট নিয়ে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। সে কারণে তার ক্রিকেটীয় ফ্যানবেজের বড় অংশ হারাতেও হয়েছে।

রোববার শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো স্ট্যাটাসে ফের তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে সাকিবকে নিয়ে। তার ওই স্ট্যাটাসের নিচেই সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন নেটিজেনরা। অবশ্য আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছেন।

সাকিবের এ স্ট্যাটাসের কিছু সময় পরই নিজের আইডি ও পেজ থেকে স্ট্যাটাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে কারও নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’

ক্রীড়া উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট, যেখানে উল্লেখ ‘একজন’ বলতে সাকিবকেই বুঝে নিয়েছেন সবাই।
ক্রীড়া উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট, যেখানে উল্লেখ ‘একজন’ বলতে সাকিবকেই বুঝে নিয়েছেন সবাই।

কারও নাম উল্লেখ না করলেও সবাই স্পষ্টই বুঝে নিয়েছেন, উপদেষ্টার এ স্ট্যাটাস সাকিবকে ইঙ্গিত করেই। এখনো জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারাধীন শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর মাধ্যমে সাকিব শেখ হাসিনাকেই সমর্থন করছেন, এটিই তার নেপথ্যের কারণ।

উপদেষ্টার এ স্ট্যাটাসের ইঙ্গিত বুঝেছেন সাকিবও। জবাব দিতেও দেরি করেননি তিনি। ফেসবুকে পালটা স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!’

সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়ার সূচনাটা সেই জুলাই অভ্যুত্থানের পরপরই। ওই সময় পাকিস্তান ও ভারতে টেস্ট সিরিজ খেলেছিলেন তিনি। এরপর গত অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা পোষণ করেছিলেন।

ক্রীড়া উপদেষ্টার স্ট্যাটাসের জবাবেই সাকিব পালটা এ স্ট্যাটাস দিয়েছেন বলে স্পষ্ট সবার কাছে।
ক্রীড়া উপদেষ্টার স্ট্যাটাসের জবাবেই সাকিব পালটা এ স্ট্যাটাস দিয়েছেন বলে স্পষ্ট সবার কাছে।

তবে অন্য আওয়াম লীগ নেতাদের মতো তার নামেও হত্যা ও দুর্নীতির মামলা হওয়ায় আওয়ামী লীগের হয়ে এমপি হওয়া সাকিব আর দেশে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে দুবাই পর্যন্ত চলেও এসেছিলেন। পরে সরকারের পক্ষ থেকে আর ইতিবাচক ইঙ্গিত না পেয়ে তাকে ফিরতে হয়েছে যুক্তরাষ্ট্রে।

ওই সময় জনমনে ধারণা তৈরি হয়, সাকিব যেন দেশে ফিরতে না পারেন, তার পেছনে বড় ভূমিকা ছিল ক্রীড়া উপদেষ্টার। রোববার ক্রীড়া উপদেষ্টার স্ট্যাটাস ও সাকিবের পালটা স্ট্যাটাসে যেন সেটিই স্পষ্ট হয়েছে।

সাকিব অবশ্য এখনো আশা করেন, দেশে ফিরবেন তিনি। পরের স্ট্যাটাসটির শেষ লাইনে তিনি লিখেছেন, ‘ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

১১ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১৩ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

১৩ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১৪ ঘণ্টা আগে