তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

সিলেট প্রতিনিধি
বিজিবির দ্রুত পদক্ষেপ এবং স্থানীয় সীমান্তবাসীর সহযোগিতায় ব্যর্থ হয় পুশইন চেষ্টা। ছবি: সংগৃহীত
বিজিবির দ্রুত পদক্ষেপ এবং স্থানীয় সীমান্তবাসীর সহযোগিতায় ব্যর্থ হয় পুশইন চেষ্টা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত পদক্ষেপ এবং স্থানীয় সীমান্তবাসীর সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিরো লাইন থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে দেওয়া হয়।

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন ও বালুগাঙ রাবার বাগানসংলগ্ন এলাকায় হঠাৎ উচ্চক্ষমতাসম্পন্ন নিরাপত্তা বাতি (হাই-ভোল্টেজ সিকিউরিটি লাইট) বন্ধ হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে অবস্থান নেয়।

এরপর অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা প্রতিহত করা হয়। পুরো অভিযানে স্থানীয় সীমান্তবাসীও বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করেন।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, এ ঘটনার পর বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ জন্য সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement