পদ্মার চরে এবার ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

রাজশাহী ব্যুরো

রাজশাহী ও নাটোরের সীমান্তবর্তী পদ্মার চরে এবার ঘরে ঢুকে গুলি করে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুই মাসের ব্যবধানে শনিবার রাতে আবারও গুলির ঘটনায় এক যুবক নিহত হলো। এসময় গুলিতে সোহেল রানার স্ত্রী স্বাধীনা খাতুনও (৩০) আহত হয়েছেন।

নিহত সোহেল রানা রাজশাহীর বাঘা উপজেলার পলাশী ফতেপুর করালি নওশারা গ্রামের কালু মন্ডলের ছেলে। ঘটনার পর এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, দুর্বৃত্তদের হামলার পর হতাহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সোহেল রানাকে মৃত ঘোষণা করেন কর্মরত চিকিৎসক হুমাইরা খাতুন। তবে গুলিতে আহত স্বাধীনা খাতুনকে ভর্তি করা হয়েছে।

নিহতের স্ত্রী স্বাধীনা খাতুন জানান, রাতের বেলা বাড়ির টিনের বেড়ায় আঘাত করে বাইরে থেকে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেওয়া হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা টিনের বেড়া ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। তিনি তাঁর স্বামীকে কম্বল দিয়ে জড়িয়ে লুকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা কম্বলের ওপর দিয়েই একাধিক গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার স্বামী মারা যান।

তিনি আরও বলেন, তিনি হাতজোড় করে হামলাকারীদের অনুরোধ করে বলেছেন, তার স্বামী অতীতে যা-ই করুক, এখন ভালো পথে আছেন। কিন্তু দুর্বৃত্তরা কোনো কথাই শোনেনি। হামলাকারীদের কাউকেই তিনি চিনতে পারেননি।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমায়রা খাতুন জানান, রাত দেড়টার দিকে সোহেল রানাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত স্বাধীনা খাতুন বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

এদিকে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক রোববার সকালে জানান, ঘটনাস্থলটি বাঘা ও নাটোরের লালপুর থানার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় কোন থানার আওতায় ঘটনাটি পড়েছে—তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। নিহতের স্বজনেরা মরদেহ বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসায় বাঘা থানা-পুলিশই প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। ঘটনাস্থল নির্ধারণের পর সংশ্লিষ্ট থানায় মামলা রেকর্ড করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ অক্টোবর বাঘা উপজেলার চর পলাশী ফতেপুরে ফসল কাটা নিয়ে সংঘর্ষে গুলিতে তিন কৃষক নিহত হন। ওই ঘটনার পর লাশ বাঘা থানায় আনা হলেও পরে ঘটনাস্থল কুষ্টিয়ার দৌলতপুর থানার আওতাভুক্ত বলে নির্ধারিত হয়। এ ঘটনায় হাসিনুজ্জামান কাকনসহ একটি বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা হয়।

ওই ঘটনার পর পদ্মার চরে পুলিশ, র‌্যাব ও এপিবিএনের সমন্বয়ে পরিচালিত ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ ৫৮ জনকে গ্রেপ্তার করা হয় এবং ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযান শেষে রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এক সংবাদ সম্মেলনে জানান, পদ্মার চরে কাকন বাহিনীসহ মোট ১১টি সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে এবং অভিযানে তাদের একাধিক সদস্যকে আটক করা হয়েছে। দুই মাসের মাথায় নতুন করে এই হত্যাকাণ্ড পদ্মার চরাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১১ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে