প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কুষ্টিয়ায় শিক্ষক আটক
-c266ab-480x270.webp)
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। লালন উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাসে সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় প্রধানমন্ত্রীর বাংলা ভাষার উচ্চারণ ও বক্তব্য নিয়ে শিক্ষক লালন আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এতে শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে তারা বিষয়টি অভিভাবকদের জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে।
এরপর বুধবার সকালে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক লালনকে আটক করে থানায় নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, মঙ্গলবার রাতে বিষয়টি তারা জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে শিক্ষক লালনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে তিনি শুধু একটি মন্তব্য করেছিলেন।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টির অভিযোগে শিক্ষক লালনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










-bba96a-256x144.webp)

-06cf8c-256x144.webp)




