মাদারীপুরের শিবচরে জঙ্গল থেকে এক নারীর লাশ উদ্ধারের পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে তার এক বছরের শিশুসন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার নিলখী এলাকায় নদে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সুরতহাল শেষে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, “আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুসারে নদ থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
গত ১৯ আগস্ট বেলা ১১টার দিকে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর পরিচয় শনাক্ত হয়। ওই নারীর বাড়ি নাটোরের লালপুর থানা এলাকায়।
এ ঘটনায় নিহত নারীর বাবা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শিবচর থানায় মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে মাদারীপুর সদর উপজেলার বড়মেহের এলাকার সাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান ছিল এক বছরের আবির। একটি মামলায় তাঁর স্বামী কারাগারে থাকাকালে শিবচরের বাখরেরকান্দি এলাকার ফারুক মোল্লার সঙ্গে ওই নারীর পরিচয় হয়।
পুলিশের দাবি, ফারুকের বাড়িতে ওই নারীকে ডেকে নেওয়ার পর তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়। পরে তার লাশ জঙ্গলে ফেলে দেওয়া হয়। আর তাঁর শিশুসন্তান আবিরকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়া হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজৈর এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করে শিবচর থানা পুলিশ ও র্যাব-৮। তার কাছ থেকে নিহত নারীর ব্যবহৃত একটি মালা, ওড়না ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক শিশুটিকে আড়িয়াল খাঁ সেতু থেকে নদে ফেলে দিয়ে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এরপর থেকেই নদে নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাঁচ দিন পর সোমবার সকালে নিলখী এলাকায় নদে ভেসে ওঠে শিশুটির অর্ধগলিত লাশ।
শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, “আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুসারে নদ থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”














-962f2e-256x144.webp)


-93b7bc-256x144.webp)