নরসিংদীতে নদীতে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

নরসিংদী প্রতিনিধি
৩ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছবি: সংগৃহীত
৩ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় নদীর পানিতে গোসলে নেমে তলিয়ে গিয়ে একসঙ্গে চার শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ ঘটনা ঘটে।

নিহত চার শিশু হল— বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৯), রুবেল মিয়ার মেয়ে আশেয়া (৯) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদরাসা থেকে ফেরার পথে ৬ থেকে ৭টি শিশু শিক্ষার্থী কাকন নদীতে গোসলে নামে। এ সময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টাকালে অন্যরাও পানিতে তলিয়ে যায়।

পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে প্রথমে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয় এবং সুমাইয়া নামে এক শিশু নিখোঁজ ছিল। পরে নিখোঁজ সুমাইয়াকে মৃত উদ্ধার করা হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান বলেন, আমাদের এখানে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, নদীতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর লাশ শনাক্ত করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement