ঢাকার সড়কে নামল বুয়েটের তৈরি পরিবেশবান্ধব ও নিরাপদ ই-রিকশা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুয়েটের নকশা ও প্রযুক্তিতে তৈরি পরিবেশবান্ধব ও নিরাপদ ই-রিকশা। ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশা ও প্রযুক্তিতে তৈরি পরিবেশবান্ধব ও নিরাপদ ই-রিকশার পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সড়কে চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে এই রিকশাগুলোর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের তত্ত্বাবধানে তৈরি এই তিন চাকার যানটি প্রচলিত ঝুঁকিপূর্ণ মোটরচালিত রিকশার বিপরীতে একটি নিরাপদ বিকল্প হিসেবে সড়কে নামানো হয়েছে। নতুন এই ই-রিকশাগুলোর নকশায় নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে, যা সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমাবে।

প্রচলিত মোটরচালিত রিকশায় হাতে ব্রেক করার পদ্ধতি থাকলেও বুয়েটের নকশায় তৈরি এই রিকশায় প্রাইভেট কারের মতো তিন চাকাতেই হাইড্রোলিক ব্রেক সিস্টেম যুক্ত করা হয়েছে। এর ফলে জরুরি প্রয়োজনে রিকশাটি তাৎক্ষণিকভাবে থামানো সম্ভব হবে। এছাড়া এতে রয়েছে উন্নতমানের ইন্ডিকেটর, ব্রেক লাইট এবং রিভার্স লাইট সুবিধা, যা রাতের বেলা চলাচল ও দিক পরিবর্তনের সময় নিরাপত্তা নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রিকশাচালকরা নতুন এই প্রযুক্তি নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, এই রিকশায় ৬০ ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা এক চার্জে ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।

চালকদের মতে, এতে অত্যন্ত দ্রুত চার্জ করার সুবিধাও রয়েছে। তারা বলছেন, আগের রিকশাগুলোর তুলনায় এটি চালানো অনেক বেশি আরামদায়ক এবং যাত্রীদের জন্যও নিরাপদ। বিশেষ করে ব্রেকিং সিস্টেম উন্নত হওয়ায় তারা এখন অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালাতে পারবেন।

শুধু নিরাপত্তা নয়, পরিবেশ রক্ষায়ও এই ই-রিকশা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি সম্পূর্ণ ধোঁয়ামুক্ত হওয়ায় বায়ুদূষণ রোধে সহায়ক হবে এবং জ্বালানি হিসেবে পেট্রোল বা ডিজেলের প্রয়োজন না হওয়ায় খরচও কমবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ও স্থানীয়ভাবে উৎপাদনের সুযোগ থাকায় এটি দেশের বেকারত্ব দূরীকরণে এবং নতুন কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকাগুলোতে পরীক্ষামূলক চলাচল সফল হলে এটি রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় ধরনের পরিবর্তন ঘটাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কয়েকজন সহপাঠীকে কলেজ ক্যাম্পাসের ভেতরে আটকে রাখা হয়েছে। এর প্রতিবাদে তারা সড়কে নেমে অবস্থান কর্মসূচি পালন করেন এবং অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানান।

৭ ঘণ্টা আগে

মহাখালী-তেজগাঁও সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শ্রমিকদের বুঝিয়ে দুপুরের দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সড়কে যান চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

৭ ঘণ্টা আগে

রাউজানে যুবদল নেতাকে হত্যা: মামলার প্রধান আসামি ‘সন্ত্রাসী’ রায়হান

চট্টগ্রামে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় মামলা করেছেন তার বড় ভাই সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ারুল হক চৌধুরী। মামলায় প্রধান আসামি করা হয়েছে ‘আলোচিত সন্ত্রাসী’ রায়হানকে।

৭ ঘণ্টা আগে

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে সম্পাদক-প্রকাশকের নামে মামলা

বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি নিয়ে বিবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

১১ ঘণ্টা আগে