দুর্গাপূজার অষ্টমীতে চট্টগ্রাম নগরীর পাথরঘাটার রাধাগোবিন্দ শান্তনেশ্বরী মাতৃমন্দিরে তিন শিশুকে দেবীরূপে পূজার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সোমবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ আয়োজনে মাতৃশক্তি ও পবিত্রতার প্রতীক হিসেবে উমা, মালিনী ও অপরাজিতা রূপে তিন কুমারীকে পূজা করা হয়।
এবার দেবীরূপে পূজিত তিন শিশু হলো রাধেশ্রী দত্ত বৃন্দা, ঋত্ত্বিকা দাশ ও অদিশ্রী কর। ফুল, চন্দন, বেলপাতা ও তুলসীপাতা দিয়ে পূজা-অর্চনা শুরু হয়। এ সময় কয়েকশ পুণ্যার্থী মন্দিরে উপস্থিত হয়ে পূজা প্রত্যক্ষ করেন।
মন্দিরের মোহন্ত শ্যামানন্দ দাশ বলেন, কুমারী পূজার ঐতিহ্য প্রাচীনকাল থেকে চলে আসছে। হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সত্যযুগে মা কুমারী রূপে কোলাসুরকে বধ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে কুমারী রূপে দর্শন দেন দেবী। ত্রেতাযুগে শ্রী রামচন্দ্রকেও কুমারী রূপে দর্শন দিয়ে রাবণ বধের উপায় জানিয়েছিলেন বলে ধর্মীয় আখ্যান রয়েছে।
তিনি আরও বলেন, কলিযুগে শ্রীশঙ্করাচার্য ও স্বামী বিবেকানন্দ কুমারী পূজা করেছেন। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজা ছাড়া দুর্গাপূজা পূর্ণতা পায় না। প্রকৃতি ও নারীর মধ্যে মাতৃশক্তির প্রকাশ রয়েছে বলে মনে করা হয়।
শ্যামানন্দ দাশের ভাষ্য, নারীদের মাতৃরূপে সম্মান ও পূজা করার মধ্য দিয়ে সমাজে তাদের মর্যাদা বাড়তে পারে এবং শুভশক্তির জাগরণ ঘটে। কুমারী পূজায় জাতি, ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ নেই। দেবীজ্ঞানে যেকোনো বর্ণের কুমারী পূজনীয়।
প্রচলিত ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী, মাটির প্রতিমায় যে দেবীর আরাধনা করা হয়, কুমারী পূজায় সেই দেবীর জীবন্ত রূপ হিসেবে কুমারীকে পূজা করা হয়। সৃষ্টি, স্থিতি ও লয়ের শক্তি কুমারীর মধ্যে বীজাকারে নিহিত রয়েছে বলেও বিশ্বাস করা হয়।
প্রাচীন শাস্ত্রে কুমারী পূজার উল্লেখ থাকলেও রামকৃষ্ণ পরমহংসদেবের দর্শনের মধ্য দিয়ে এ চর্চার পুনর্জাগরণ ঘটে। তিনি স্ত্রী সারদাদেবীকে মাতৃজ্ঞানে পূজা করেছিলেন। পরবর্তী সময়ে ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে কুমারী পূজার প্রচলন করেন।
এদিকে, সোমবার সকালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পূজামণ্ডপে অষ্টমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়। পূজার পর ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন ও আশীর্বাদ গ্রহণ করেন। অষ্টমী তিথির সমাপ্তি ও নবমী তিথির সূচনালগ্নে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। চলতি বছর চট্টগ্রাম নগরীর ২৯৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।











-12113d-256x144.webp)





