৭ মার্চের ভাষণ বাজানোয় আটক ২, পরে শাহবাগ থানার সামনে মারধর-হেনস্থা

ঢাবি প্রতিনিধি
শেখ তাসনিম আফরোজ ইমিসহ তার সঙ্গীদের শাহবাগে অবস্থান (বাঁয়ে) এবং তাদের সঙ্গে ডাকসু ও ছাত্রশক্তির নেতাদের সংঘাত (ডানে)। ছবি: সংগৃহীত

রাজধানীর চানখাঁরপুল মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে শাহবাগ থানার সামনেও ওই ভাষণ বাজানো হয়।

এ সময় এর বিরোধিতাকারীরা সেখানে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে হেনস্থা ও মারধর করা হয়।

শনিবার (৭ মার্চ) দুপুরে চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হয়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক আসিফ আহমেদসহ দুজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। সাউন্ড বক্সটিও পুলিশ জব্দ করে।

এ ঘটনার প্রতিবাদে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচির ডাক দেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। ইমি গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাম সংগঠনগুলোর প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে ভিপি প্রার্থী ছিলেন। রাত সাড়ে ৯টায় রিকশায় করে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো শুরু করেন তারা।

এর প্রতিবাদে সেখানে পালটা অবস্থান নিতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরের নেতৃত্বে একটি পক্ষকে। কিছুক্ষণ পর ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ ও সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরের নেতৃত্বে আরও শিক্ষার্থী সেখানে উপস্থিত হন। দুপক্ষের পালটাপালটি অবস্থানে শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে কয়েকজন গিয়ে ৭ মার্চের ভাষণ বাজাতে ব্যবহৃত মাইক ও ব্যাটারি ভেঙে ফেলেন। আয়োজকরা বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি হয়। ইমিসহ অন্যরা জাদুঘরের সামনে থেকে যান। রাত সাড়ে ১০টার দিকে মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ ও এ বি জুবায়ের রিকশাটি টেনে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান।

এ সময় ইমিকে এবং তার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহসম্পাদক আবদুল্লাহ আল মামুনকে টেনে-হিঁচড়ে থানার ফটকে নিয়ে মারধর করা হয়। সেখান থেকে ছাত্রশক্তির নেতাকর্মীরা ধরে তাদের শাহবাগ থানার ভেতরে নিয়ে পুলিশের হাতে তুলে দেন।

ডাকসু ও ছাত্রশক্তির নেতারা বলছেন, ৭ মার্চের ভাষণকে ঢাল করে মূলত আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসনের পাঁয়তারা চলছে। ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচিতে যারা যুক্ত ছিল, তারাও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চিহ্নিত নেতা বলেই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এসব ঘটনায় রাত প্রায় ১২টা পর্যন্ত শাহবাগ থানার সামনে উত্তেজনা বিরাজ করেছে। পরে একে একে ইমিসহ অন্যরা শাহবাগ ছেড়ে চলে যান। ডাকসু ও ছাত্রশক্তির নেতারাও ঢাবি ক্যাম্পাসে ফেরেন। তবে বিকেলে আটক আসিফ ও রাতে মারধরের শিকার আল মামুন তখনো শাহবাগ থানায় পুলিশ হেফাজতে ছিলেন।

শেখ তাসনিম আফরোজ ইমির দুটি ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট।
শেখ তাসনিম আফরোজ ইমির দুটি ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট।

পরে এ ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ইমি। তিনি লিখেছেন, ‘আল মামুনের ওপর হামলা করসে জুবায়ের আর মোসাদ্দেকের নেতৃত্বে। আমার গায়েও হাত তুলেছে। যতদিন বেঁচে থাকব, দাবায়ে রাখতে পারবা না।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ৭ মার্চের ভাষণ বাজানো নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এর আগে শনিবার দুপুরে ঢাকার মগবাজার এলাকাতেও ৭ মার্চের ভাষণ বাজিয়ে পদযাত্রা করেন চার তরুণ-তরুণী। তারা জানিয়েছেন, তাদের আয়োজন কোনো বাধার মুখে পড়েনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সরাইল বিশ্বরোড এলাকায় আসেন ওই দুই নৃত্যশিল্পী। সেখান থেকে রাকিব ও তার সহযোগীরা তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুরের একটি সেতুর নিচে নিয়ে যান। এরপর বিয়ের অনুষ্ঠানে দ্রুত পৌঁছে দেওয়ার কথা বলে তাদের ইঞ্জিনচালিত নৌকায় ওঠানো হয়।

১ দিন আগে

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে পুরান ঢাকার লালবাগে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ, শাহবাগে তিন অজ্ঞাত পুরুষের মরদেহ এবং আদাবরে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ রয়েছে।

১ দিন আগে

ফরিদপুরে ধানখেতের পাশে ৩টি বস্তায় ৬ টুকরো মরদেহ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় সড়কের পাশ থেকে বস্তাগুলো উদ্ধার করা হয় বলে জানান মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান।

২ দিন আগে

দুর্নীতির প্রশ্নে সরকারের জিরো টলারেন্স নীতি: কৃষিমন্ত্রী

দুর্নীতির প্রশ্নে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

২ দিন আগে
Advertisement