সরবরাহ বাড়াবে রাশিয়া, বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম

রাশিয়া থেকে সরবরাহ বাড়ার প্রত্যাশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হওয়ায় রাশিয়ার তেল বাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে মধ্যপ্রাচ্য ও ইরান কেন্দ্রিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজার এখনো উত্তপ্ত। ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরেই অবস্থান করছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) গ্রিনিচ মান সময় (জিএমটি) মধ্যরাতের দিকে ব্রেন্ট ক্রুডের ফিউচারস মূল্য ব্যারেলপ্রতি ১ ডলার ৩৭ সেন্ট (বা ১.৩১ শতাংশ) কমে ১০৩ ডলার ৩৫ সেন্টে নেমেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩০ সেন্ট (বা ১.৪২ শতাংশ) কমে দাঁড়িয়েছে ৯০ ডলার ৫৫ সেন্টে।
বাজার বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে সরবরাহ বাড়ার পূর্বাভাস দামের ওপর সাময়িক নিম্নমুখী চাপ সৃষ্টি করলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বজায় থাকায় সরবরাহের অনিশ্চয়তা কাটেনি। ফলে তেলের বৈশ্বিক বাজারদর আগামীতে কোনো দিকে মোড় নেবে, তা অনেকটাই নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতি ও নিরবচ্ছিন্ন সরবরাহের ওপর।












-4f9dc6-256x144.webp)




