
ডেস্ক, রাজনীতি ডটকম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তিনি বরগুনা-১ আসনের সংসদ সদস্য।
দলটি এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জুলাই সনদে যে সিদ্ধান্তে ঐকমত্য হয়েছিল, সেখান থেকে সরে আসার কারণে তাদের প্রতিনিধি এ নির্বাচনে ভোট দেবে না।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ কথা জানান।
নতুন রাষ্ট্রপতিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ, নাকি স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ পড়াবেন— এ নিয়ে দ্বিধায় ছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
বিষয়টি স্পষ্ট করতে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলে সংবিধানের সংশ্লিষ্ট বিধান পর্যালোচনা করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকেই নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর যথাযথ কর্তৃপক্ষ বলে মত দিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে আইন মন্ত্রণালয় জানিয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।
গত ১৩ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্যাখ্যা করে এ অবস্থান তুলে ধরেছে আইন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হবে বিকেল পাঁচটায়। ভোটে নির্বাচিত নতুন রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানা গেছে। বঙ্গভবনের দরবার হলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
সচিবালয় ও সংসদ সচিবালয় সূত্র বলছে, এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এমন বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা।

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার প্রশাসনের সব জায়গায় দলীয়করণ করছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনেও একপ্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন, যেখানে স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।
একই সঙ্গে সংবিধানের ৭০ অনুচ্ছেদ না থাকলে এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরও বেশি সম্মানিত হতো বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার বেলা ২টার দিকে সংসদ ভবনে সাংবাদিকদের নাহিদ ইসলাম এ কথা বলেন।

সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার আগে দুপুরে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি সাংবাদিকদের বলেন, ‘৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকারি দলের পক্ষ থেকেও আছে। মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত। আশা করি, দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে এবং এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের আবার নতুনভাবে সূচনা হবে।’
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর পর প্রায় সোয়া ঘণ্টা সংসদের সভাকক্ষে নিজের আসনে অবস্থান করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তার পাশের আসনে ছিলেন দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী নিজের আসনে বসে থাকার সময় সংসদ সদস্যরা তার সামনে এসে ভিড় করে দাঁড়ান। এ সময় সংসদ নেতা হাসিমুখে তাদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।
বিকেল ৩টা ১৩ মিনিটে সংসদ সভাকক্ষ ছেড়ে সংসদ ভবনে নিজের কার্যালয়ে চলে যান তারেক রহমান। সঙ্গে ছিলেন দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজাদ্দৌলা এবং সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক সাংবাদিক গ্যালারিতে এসে ভোটগ্রহণ প্রক্রিয়া দেখেন।
তারা এ সময় সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ও করেন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষ্যে এ দিন সাংবাদিকদের দুটি গ্যালারি ছাড়া সংসদ ভবনের বাকি গ্যালারিগুলো বন্ধ রাখা হয়েছিল।
জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য নন। ফলে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না। এ কারণে ভোটের সময় সংসদের সভাকক্ষে তাকে দেখা যায়নি।
অন্যদিকে সংসদ সদস্য হওয়ায় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন।

জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের সংসদ সদস্যরাও ভোট দেওয়া শুরু করেছেন। বিরোধী দলের নেতা শফিকুর রহমান, উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেনসহ একে একে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ভোট দেন।

সংসদের ঠিক মাঝামাঝি জায়গায় একটি ব্যালট বাক্স রাখা হয়েছে। বিএনপির সংসদ সদস্যরা সেখানে একে একে ভোট দিচ্ছেন। সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, আমানউল্লাহ আমানসহ সংসদ সদস্যরা ব্যালট পেপারে ভোট দেন।
ভোট দেওয়ার পর তাদের অনেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন।
এরই মধ্যে জাতীয় সংসদে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা ১০ মিনিটের দিকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ তথা প্ল্যানারি হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের ভোটদানের মধ্য দিয়ে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বিকেল ৫টায় ভোট নেওয়া শেষ হলেই ভোট গণনা শুরু হবে। দ্রুততম সময়ে ভোট গণনা করে ভোটকক্ষেই ফলাফল ঘোষণা করা হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময়ও সংসদ সদস্যরা উপস্থিত হতে থাকতে পারবেন।
সিইসি তার বক্তব্যের শুরুতেই সবাইকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি পদে দুই প্রার্থী এবং তাদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা করেন। এরপর সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন, তার নিয়ম বলে দেন।
সিইসি বলেন, সংসদ সদস্যদের প্রত্যেকের নামে আলাদা আলাদা ব্যালট থাকবে। সেই ব্যালটে ভোট দেওয়ার পাশাপাশি তাদের পূর্ণ নাম সই করতে হবে। সই বাংলা বা ইংরেজি যেকোনো ভাষাতেই দেওয়া হবে।
ব্যালট বাক্সে কীভাবে ব্যালট পেপার রাখতে হবে, সেটিও বলে দেন সিইসি। জানান, বিকেল ৫টার পর ভোট গণনা শুরু হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরু হয়েছে জাতীয় সংসদে। সবার আগে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। এরপর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর মধ্য দিয়ে দেশে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিইসি ভোট গ্রহণ শুরুর আগে জানিয়েছেন, সংসদ সদস্যদের কাছে ব্যালট চলে যাবে। তারা ব্যালটে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোট গ্রহণের পর গণনা ও ফল ঘোষণার সময়ও চাইলে তারা সংসদ অধিবেশন কক্ষে উপস্থিত থাকতে পারবেন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করতে সংসদ সদস্যরা জাতীয় সংসদে সমবেত হয়েছেন। উপস্থিত হয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের (ইসি) অন্য কর্মকর্তারা।
দুপুর ২টা ৫ মিনিটে সিইসি স্বাগত বক্তব্য দিতে শুরু করেন। তিনি ভোট গ্রহণ শুরুর আগে সাধারণ নিয়মগুলো সংসদ সদস্যদের পড়ে শোনাচ্ছেন।
জাতীয় সংসদে উপস্থিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্য মন্ত্রীরা। এখন বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গভবন থেকে গার্ড অব অনার দিয়ে তাকে বিদায় দেওয়া হয়। এ দিন রাষ্ট্রপতি নির্বাচন হবে সংসদ ভবনে। আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নেবেন নতুন নির্বাচিত রাষ্ট্রপতি, যার প্রাক্কালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়লেন।
গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের জন্য আলাদা বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করার পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্বও পালন করবেন সিইসি।
সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ভোট দেবেন। প্রথমে ব্যালট পেপারের মুড়ি অংশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন তাঁরা। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে আবার পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন।
রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের ভোট দেওয়ার জন্য সংসদকক্ষে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয় সূত্র।
বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় তিনি নিজেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণের দিন তাঁর সংসদীয় আসন শূন্য হবে।
অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী অলি আহমদ সংসদ সদস্য নন। ফলে তিনি এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না।

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ হবে। প্রার্থী দুজন— ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭। এর বাইরে বিএনপির মিত্র ও শরিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে সংসদ সদস্য রয়েছেন।
অন্যদিকে জামায়াত জোটের সংসদ সদস্য সংখ্যা ৯০ জন। এর মধ্যে জামায়াতের সদস্য ৭৭ জন। এ ছাড়া জাগপার একজন সংরক্ষিত নারী সংসদ সদস্যসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আটজন, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন এবং খেলাফত মজলিসের একজন সংসদ সদস্য রয়েছেন এই জোটে।
এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এবং স্বতন্ত্র আটজন সংসদ সদস্য রয়েছেন। সূত্র জানিয়েছে, বিএনপি স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে ভোট চেয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য ভোটদানে বিরত থাকতে পারেন।
বিএনপি জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যসংখ্যার ব্যবধান বেশ বড়। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত। তবে নির্বাচনে দুজন প্রার্থী থাকায় নির্বাচনি তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।