বিএনপি সবসময় শ্রমিকবান্ধব: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি সবসময়ই শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাসী এবং শ্রমিকদের অধিকার রক্ষায় এই দল বদ্ধপরিকর।
আজ শুক্রবার (১ মে) সকালে মহান মে দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অধিকারের যে ভিত্তি গড়েছিলেন, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই ধারাবাহিকতায় শ্রমিকের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কোনো ধরনের শোষণ-বঞ্চনা বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি শ্রমিকের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপের কথা তুলে ধরেন।
এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
রাজনীতি/এসআর


















