বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৮: ০৩
বুধবার বিকেলে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। ছবি: সংগৃহীত
বুধবার বিকেলে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। ছবি: সংগৃহীত

সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

আসন্ন জাতীয় নির্বাচনে পাবনা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যাপক আবু সাইয়িদ। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত এই আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে।

বিএনপিতে যোগ দেওয়ার কারণ সম্পর্কে আবু সাইয়িদ রাজনীতি ডটকমকে বলেন, ‘জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় উগ্রবাদ মোকাবেলা ও প্রতিরোধের জন্য আমি বিএনপিতে যোগদান করেছি।’

‘যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী। আসনটিতে রীতিমতো প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে আমি মনে করছি, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রোধে বিএনপিতে যোগদানের বিকল্প নেই,’— বলেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ সাল মেয়াদে অধ্যাপক আবু সাইয়িদ আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীনই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এরপর তিনি গণফোরামে যোগ দেন। গত কয়েক বছর ধরে ৮২ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ