উলটো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৮
বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের রেঞ্জ রোভার গাড়ি। ছবি: সংগৃহীত

উলটো পথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকার সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটেছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউস সড়কের উলটো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।’

তিনি আরও বলেন, ‘চালককে বলা হয়, এভাবে উলটো পথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সম্পূর্ণ লঙ্ঘন। দুটি মামলা হয়েছে এবং তিন হাজার, তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

ঘটনার সময় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গাড়িতে ছিলেন। তার গাড়িচালককে পুলিশ জেরা করার সময় তিনি কোনো ধরনের আপত্তি কিংবা তদবির করেননি বলে জানা গেছে। তবে এ বিষয়ে মন্ত্রীর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে রাজনীতি ডটকমকে বলেন, এ ঘটনা বার্তা দেয় যে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে কেউ ট্রাফিক আইনসহ যেকোনো আইন ভঙ্গ করলে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, ‘রেঞ্জ রোভার’ গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে ‘বেপরোয়া গাড়ি চালানো’র অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মন্ত্রীর গাড়ি যখন উলটো পথে যাচ্ছিল, তখন প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়া-আসা করছেন, যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে, সেখানে মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উলটো পথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

আরেক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটো পথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটো পথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’

প্রসঙ্গত, তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলুকে একটি ভাইরাল ভিডিওতে হাইওয়েতে উচ্চগতিতে গাড়ি চালানোর জন্য জরিমানা দিতে দেখা গেছে। গত রোববার (২৫ আগস্ট) তিনি আঙ্কারা-নিগদে মহাসড়কে ২২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালানোর একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন। ওই গতি মহাসড়কটির নির্ধারিত গতিসীমার চেয়েও আইনত দ্বিগুণ বেশি ছিল।

ভিডিওতে দেখা যায়, লোকসঙ্গীত ও সরকারের অবকাঠামোর প্রশংসা করে রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগানের ভাষণের কিছু অংশ শুনতে শুনতে উরালোগলু দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন। একপর্যায়ে গাড়িটি অন্য সব গাড়িকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যায়। পরে এ অপরাধে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ২৮০ ডলার জরিমানা করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১৮ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১৯ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১ দিন আগে
Advertisement